অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে অপহৃত মাদ্রাসাছাত্র মেহেদী হাসানকে (১২) সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মেহেদী আদমদীঘির নামা পোওতা গ্রামের এনামুল হাসানের ছেলে ও সান্তাহার চা-বাগান এলাকার হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মেহেদীর সঙ্গে বগুড়ার জামিল মাদ্রাসার ছাত্র পরিচয় দেওয়া এক যুবকের পরিচয় হয়। সেই সূত্র ধরে ওই যুবক কৌশলে মেহেদীর কাছ থেকে তার মায়ের ফোন নম্বর সংগ্রহ করেন। আর মেহেদীকে সোমবার দুপুরে দিকে ডেকে নেন সান্তাহার স্টেশনে। সেখান থেকে মেহেদীকে অপহরণ করে নওগাঁর একটি বাসায় নিয়ে আটক রেখে তার মায়ের কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি আদমদীঘি থানায় জানানো হলে পুলিশ রাত আটটার দিকে নওগাঁ সদর উপজেলার ইয়াদালি মোড় থেকে মেহেদীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।