অপহৃত মারমা কিশোরীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
বান্দরবানের লামা থেকে অপহৃত এক মারমা কিশোরীকে (১৫) উদ্ধার ও অপহরণকারী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে মারমা স্টুডেন্ট কাউন্সিল। গতকাল বুধবার বেলা ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
গত ২৪ মে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয় বলে জানায় তাঁর পরিবার।
বান্দরবান প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ডনাইপ্রু নেলী মারমা, অং চ মং মারমা, সুখেন্দু ত্রিপুরা, লুসাইমং মারমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, রাবার বাগানের শ্রমিক মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকজন যুবক ওই কিশোরীকে তুলে নিয়ে গেছে।
মানবাধিকার নেত্রী ডনাইপ্রু নেলী অভিযোগ করেন, অপহরণকারী ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ কিশোরীকে উদ্ধার করতে পারেনি। কাউকে গ্রেপ্তারও করছে না।
লামা থানার উপপরিদর্শক হারুনুর রশিদ বলেন, মেয়েটি বিয়ে করেছে বলে পুলিশ জানতে পেরেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও কারও হদিস পাওয়া যাচ্ছে না।