অপহৃত মাস্টার ও সুকানি উদ্ধার, ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহৃত এক মাস্টার ও সুকানি উদ্ধার হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের বাংলাবাজারে সংগঠনের কার্যালয়ে এক সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচরের টাংকি বাজারের অদূরে মেঘনা নদী থেকে বৃহস্পতিবার রাতে কামরুল ইসলাম ও জসীম উদ্দিন নামের দুজনকে অপহরণ করে জলদস্যুরা। গত শুক্রবার রাতে রামগতিরহাট বাজার থেকে তাঁদের উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে অপহৃত দুজনকে উদ্ধারে প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। এই সময়ের মধ্যে তাঁদের উদ্ধার করতে না পারলে শনিবার রাত ১২টার পর থেকে ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘রামগতি থানার পুলিশ অপহৃত দুজনকে উদ্ধার করে। এ কারণে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।’
উদ্ধারের পর এমভি বিউটি অব ভাগ্যকূলের মাস্টার কামরুল ইসলাম ও সুকানি জসীম উদ্দিন জানান, তাঁরা খুলনা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। নদীতে ভাটার কারণে গত বৃহস্পতিবার বিকেলে তাঁরা রামগতি উপজেলার বয়ারচরের টাংকি বাজারের অদূরে নোঙর করেন। এ সময় মংলা বন্দর থেকে চট্টগ্রামগামী এমভি নির্ঝর-১ নামের জাহাজটিও তাঁদের জাহাজের পাশে নোঙর করে। রাত সাড়ে নয়টার দিকে ১০ থেকে ১৫ জন জলদস্যু জাহাজ দুটিতে হানা দেয়। জলদস্যুরা জাহাজের লোকজনকে মারধর করে একটি অতি উচ্চক্ষমতাসম্পন্ন বেতার যন্ত্র, টাকাসহ কয়েকটি মুঠোফোন লুট করে নেয়। ওই সময় জলদস্যুরা তাঁদের অপহরণ করে নিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, জলদস্যুরা মুঠোফোনে অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শুক্রবার সন্ধ্যায় কামরুলের স্ত্রী বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা মুক্তিপণ দেন। পরে মুঠোফোন ট্র্যাক করে জলদস্যুদের অবস্থান শনাক্ত করা হয়। রাতেই জলদস্যু মো. বাদশার স্ত্রী পান্না বেগম, সহযোগী আবদুল করিম ও জলদস্যু জাবেরের স্ত্রী কহিনুর বেগমকে আটক করা হয়। একপর্যায়ে রাত একটার দিকে জলদস্যুরা কামরুল ইসলাম ও জসীম উদ্দিনকে রামগতিরহাট এলাকায় ছেড়ে দেয়।