অপহৃত যুবক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের তিন দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে অপহৃত দেলোয়ার হোসেনকে (৩৫) উদ্ধার করেছে পুলিশ। অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপহরণকারী নারী চক্রের সদস্য কানিজ ফাতেমা আক্তারকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, দেলোয়ার হোসেনের বাড়ি বগুড়ায়। গত সোমবার তিনি ঢাকায় আসেন। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অপহরণকারী চক্র তাঁকে অপহরণ করে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দেলোয়ারকে আটকে রেখে স্বজনদের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন চক্রের সদস্যরা। এ বিষয়ে দেলোয়ারের চাচা নান্নু মিয়া বাদী হয়ে গত বুধবার যাত্রাবাড়ী থানায় অপহরণের মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সকাল পৌনে ছয়টায় কাজলা থেকে দেলোয়ারকে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্য ফাতেমাকে গ্রেপ্তার করা হয়।