ঢাকার মালিবাগ থেকে অপহৃত আড়াই বছরের শিশু তানজিম নুরে ইলাহী ইফাজকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার নলপাথর গ্রামের এক বাড়ি থেকে তানজিমকে উদ্ধার করা হয়। তানজিমের মা শাহেদা আক্তার জানান, মঙ্গলবার দুপুরে মালিবাগ আবুল হোটেলের পাশে নিজের বুটিক হাউসে কাজ করছিলেন তিনি। তিনি কাজে ব্যস্ত হয়ে পড়লে বুটিক হাউসের সাবেক কর্মচারী নেয়ামত আলী তানজিমকে নিয়ে পালিয়ে যান। পরে নেয়ামত মুঠোফোনে শিশুটিকে ফেরত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পুলিশ ও র্যাবকে জানান। রূপগঞ্জ থানা পুলিশ টহল দেওয়ার সময় তিন যুবককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাঁদের আটক করেন। এ সময় তাঁরা একটি শিশুকে অপহরণ করে আটকে রাখার কথা বলেন। পরে পুলিশ তানজিমকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি