অপহৃত শিশু দেড় মাস পর গাজীপুরে উদ্ধার
রাজধানীর উত্তরা থেকে অপহৃত শিশু মোবারক হোসেনকে দেড় মাস পর গাজীপুর থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার গাইবান্ধা ও গাজীপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আবদুল জব্বার ওরফে ঠান্ডু ও তাঁর স্ত্রী নাজমা আক্তার।
অপহৃত শিশু উদ্ধার ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের খবর জানাতে গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, গত ২৯ ডিসেম্বর শিশু মোবারক (৬) উত্তরা ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কে তাদের ভাড়া বাসার সামনে খেলা করার সময় কৌশলে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা ফলবিক্রেতা ফারুক হোসেন উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপহরণের দুদিন পর উত্তরা এলাকার একটি দরজির দোকান থেকে ফোন করে অপহরণকারী চক্রের সদস্যরা শিশুটির বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে না জানাতে বলা হয়। মুক্তিপণ নিয়ে
দর–কষাকষির একপর্যায়ে মোবারককে ফিরে পেতে তার বাবা অপহরণকারীদের দুটি মুঠোফোন নম্বরে বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ১৭ হাজার ৭৭০ টাকা পাঠান।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, অপহরণের ৪০ দিন পর শিশুটিকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়ে বাবা উত্তরা পশ্চিম থানায় একটি অপহরণের মামলা করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে ডিবির সাইবার অপরাধ প্রতিরোধ দল। একপর্যায়ে তদন্ত দল আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারী চক্রের আবদুল জব্বার ওরফে ঠান্ডুর অবস্থান নিশ্চিত হয় ও পরে তাঁকে গাইবান্ধার সাঘাটা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনার নিজেদের বাড়ি থেকে তাঁর স্ত্রী নাজমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই বাড়িতে আটকে রাখা অপহৃত শিশু মোবারককে উদ্ধার করা হয়।
ডিবি কর্মকর্তারা বলেন, অপহরণ চক্রের সদস্য জব্বার কৌশল হিসেবে একাধিক বিয়ে করেছেন। শিশু অপহরণসহ নানা ধরনের অপরাধ করে বিভিন্ন সময় বিভিন্ন স্ত্রীর কাছে আত্মগোপন করে থাকতেন। প্রাথমিকভাবে শিশু মোবারককে অপহরণের কথা স্বীকার করেছেন জব্বার।