অপহৃত শিশুকে উদ্ধার, অপহরণকারী সন্দেহে দুজন গ্রেপ্তার
মানিকগঞ্জ থেকে অপহরণের তিন দিন পর মো. ইমন হোসেন নামে সাত বছরের এক শিশুকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে র্যা ব-৮-এর একটি দল। এ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সোয়া সাতটার দিকে ফরিদপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে এ উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। মো. ইমন হোসেন মানিকগঞ্জ সদরের নালরা গ্রামের মালদ্বীপপ্রবাসী মো. আকতার হোসেনের ছেলে।
অপহরণকারী সন্দেহে গ্রেপ্তার হওয়া দুজন হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের খামিনারবাক গ্রামের মো. আনোয়ার হোসেন (২৮) এবং তাঁর সহযোগী একই ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের হেনোরা বেগম (৩৫)।
আনোয়ার হোসেন ছদ্মনামে (ফয়সাল) মো. আকতার হোসেনের বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন। ২৪ মার্চ আনোয়ার হোসেন বেলা সাড়ে তিনটার দিকে শুটিং দেখানোর কথা বলে শিশু ইমনকে বাড়ি থেকে নিয়ে যান। পরদিন তিনি মুঠোফোনে পরিবারের কাছে ইমনের মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেন।
এ ব্যাপারে ইমনের দাদা মো. আরশাদ আলী বাদী হয়ে ওই দিনই আনোয়ার হোসেনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা করেন।
র্যা বের ভাষ্যমতে, এ ব্যাপারে ইমনের পরিবার র্যা বের ফরিদপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করেন। পরে র্যা ব উদ্ধার অভিযান শুরু করে। র্যা বের অনুসন্ধানে জানা যায়, আনোয়ার হোসেন ‘ফয়সাল’ ছদ্মনাম ধারণ করে অপহরণ চক্রের যোগসাজশে অপহরণ কার্যক্রম চালিয়ে আসছেন। র্যা বের একটি দল গতকাল সোমবার সকাল সোয়া সাতটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার নতুন বাসস্ট্যান্ড থেকে আনোয়ার হোসেন ও তাঁর সহযোগী হেনোরা বেগমকে গ্রেপ্তার করে এবং অপহৃত ইমনকে উদ্ধার করে।
র্যা ব ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন প্রথম আলোকে বলেন, ইমনকে উদ্ধারের পর তার দাদা আরশাদ আলীর হতে তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন এবং তাঁর সহযোগী হেনোরা বেগমকে মানিকগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।