অপহৃত শিশুকে ফিরে পেতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে অপহৃত শিশুকে (১০) উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের লোকজন।
গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিশুটিকে উদ্ধারের আকুতি জানান তার মা মিনারা বেগম ও বাবা জমির হোসেন। এ সময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন। মিনারা বেগম পেশায় পোশাককর্মী।
মিনারা বলেন, গত ১৫ নভেম্বর বাড়ির অদূরে একটি টেইলার্সে জামা তৈরি করতে দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় তাঁর মেয়ে। সে কাঁচপুরের ওমর আলী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
মিনারা অভিযোগ করেন, কাঁচপুরের সোনাপুর এলাকার যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন, ওই বাড়ির ছাদে উজ্জ্বল, পলাশ,
ইসহাক, জাকির, শরীফ, জয়নাল নামের কিছু বখাটে আড্ডা দিত। যেদিন থেকে মেয়ে নিখোঁজ হয়, সেদিন থেকে ওই বখাটেদের আড্ডাও বন্ধ হয়ে যায়। এ কারণে তাঁদের ধারণা, ওই বখাটেরাই মেয়েকে অপহরণ করেছে। অপহরণের পর একটি মুঠোফোন নম্বর থেকে তাঁর (মিনারা) কাছে মেয়ের মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করা হয়েছে।
এ ঘটনায় তাঁরা সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ সুপারসহ র্যা ব-১১-এর কাছেও বিষয়টি জানানো হয়েছে।