অপহৃত শিশুর লাশ উদ্ধার দুজন গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বটতলা গ্রামের ধানখেত থেকে অপহরণের দুই দিন পর গতকাল রোববার ইয়ানুর শাহরিয়ার ওরফে বাসিম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ইয়ানুর ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় ইসলামপুর কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেল পাঁচটার দিকে বটতলা মাঠে খেলার সময় ইয়ানুরকে কৌশলে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে শিশুটির বাড়িতে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে একটি চিরকুট রেখে যায় তারা। এ নিয়ে জাকিরুল শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন রাতেই সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন একই গ্রামের মাহফুজার রহমান (২৫) ও মিনহাজুল ইসলাম (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সকালে শিশুটির লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জাকিরুল বাদী হয়ে মাহফুজার ও মিনহাজুলসহ কয়েকজনকে আসামি করে থানায় অপহরণ ও হত্যা মামলা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।