অপহরণের দুই দিন পর পরিবহনশ্রমিক নেতা নুরুল ইসলামকে চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় পুলিশ উদ্ধার করেছে। এর আগে গতকাল বিকেলে তাঁকে উদ্ধারের দাবিতে ২৬ ও ২৭ আগস্ট বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তবে সন্ধ্যায় তাঁকে উদ্ধারের খবর পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী গতকাল রাত সোয়া আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নুরুল ইসলাম তাঁর বাবা আবদুল মালেককে ফোন করেন। ওই সময় তাঁর বাবা আমাদের কার্যালয়ে অবস্থান করছিলেন। ওই ফোনে আমি নুরুল ইসলামের সঙ্গে কথা বলি। তিনি আমাকে জানান, তাঁকে কয়েকজন লোক ৫০ টাকা দিয়ে ফেনীর লালপোল এলাকায় একটি বাসে তুলে দেন। সেখান থেকে তিনি মিরসরাইয়ের বারইয়ারহাটে এসে নামেন। বাস কাউন্টার থেকে আমাদের ফোন করেছেন।’
মৃণাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের বিষয়টি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও জেলা পুলিশ সুপারকে অবহিত করি। এরপর পুলিশ চয়েস বাস কাউন্টারে গিয়ে তাঁকে উদ্ধার করে।’
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান পরিবহনশ্রমিক নেতাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নুরুল ইসলামকে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকা থেকে জোরারগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। তিনি সেখানে পুলিশের হেফাজতে আছেন। এর আগে তাঁকে উদ্ধারের জন্য নগর পুলিশের গোয়েন্দা দল নোয়াখালীর বেগমগঞ্জে গিয়েছিল। ওই দলটি তাঁকে চট্টগ্রাম নগরে নিয়ে আসবেন।
এদিকে গতকাল বিকেলে নুরুল ইসলামকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় আগামী বুধ ও বৃহস্পতিবার টানা পরিবহন ধর্মঘট এবং শনি থেকে মঙ্গলবার পর্যন্ত চারটি শ্রমিক সমাবেশের আহ্বান করা হয়। চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন প্রতিবাদ সভার আয়োজন করে এসব কর্মসূচি ঘোষণা করে। তবে সন্ধ্যায় তাঁকে উদ্ধারের পর এসব কর্মসূচি প্রত্যাহার করা হয় বলে জানান পরিবহনশ্রমিক নেতা মৃণাল চৌধুরী।
শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, গত বুধবার সকাল ১০টার দিকে পতেঙ্গার নারকেলতলা থেকে বন্দরটিলায় যাওয়ার সময় নুরুল ইসলামকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। তাঁকে অপহরণের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়। পরে রাত ১১টার দিকে প্রশাসনের আশ্বাসে গতকাল বিকেল চারটা পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করে সংগঠনটি।