অপহৃত সিরাজুলকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে অপহৃত ব্র্যাক কর্মকর্তা সিরাজুল ইসলামকে উদ্ধারে সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন সিরাজুলের পরিবারের সদস্যরা। গতকাল রোববার সকালে পাবনা জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন অপহৃত সিরাজুলের বাবা এজেম উদ্দিন খান।
জেলা প্রশাসক রেখা রানী বালো স্মারকলিপিটি গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজুলের মা শাহনাজ পারভীন, ভাই আব্দুল খালেক ও বোন সুলতানা জাহান।
স্মারকলিপিতে বলা হয়, সিরাজুল ইসলাম দীর্ঘ ১০ বছর ধরে ব্র্যাকের হিসাবরক্ষক পদে কর্মরত। তিনি চার বছর ধরে আফগানিস্তানের বাগলান প্রদেশে এরিয়া হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৭ মার্চ রাতে সিরাজুলের পরিবারের কাছে আফগানিস্তান থেকে আসা একটি ফোন কলে তাঁরা সিরাজুল অপহৃত হয়েছেন বলে জানতে পারেন। আফগানিস্তানের কুন্ডুরিয়া থেকে কাজ শেষে বাগলানে ফেরার পথে সিরাজুল ও তাঁর অপর সহকর্মী প্রকৌশলী শওকত আলী অপহৃত হন। কিন্তু ঘটনার ১৫ দিন পরও অপহৃতদের কোনো খোঁজ মেলেনি। এ অবস্থায় সিরাজুলের পরিবারের প্রতিটি সদস্য উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তাঁরা সিরাজুলকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপি দেওয়ার পর সিরাজুল ইসলামের বাবা এজেম উদ্দিন বলেন, ঘটনার পর থেকে সিরাজুলের স্ত্রী শয্যাশয়ী। মায়ের কান্না থামছে না। এ অবস্থায় তিনিসহ পরিবারের সবাই অসহায় হয়ে পড়েছেন।
সিরাজুলের মা শাহানাজ পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার বেটাক ফিরে চাই। যেভাবেই হোক আপনারা আমার বেটাক ফিরে দেন।’
আফগানিস্তানে কর্মরত বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তা সিরাজুল ইসলাম (৩৭) ও শওকত আলী (৫০) গত ১৭ মার্চ অপহৃত হন। সিরাজুলের বাড়ি পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামে এবং শওকত আলীর বাড়ি জেলার ফরিদপুর উপজেলার হাংলাগাড়ি গ্রামে। এ নিয়ে গত ১৯ মার্চ প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।