অপহৃত স্কুলছাত্রী বাউফলে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে অপহৃত হওয়ার এক দিন পর গত মঙ্গলবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ সময় একজনকে গ্রেপ্তারও করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে কোচিং করতে যাওয়ার পথে ওই ছাত্রীকে ঢাকার বংশাল এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ছাত্রীর বাবা বংশাল থানায় একটি মামলা করেন।
পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে মঙ্গলবার রাত নয়টার দিকে বাউফল উপজেলার কালিশুরী বাজার এলাকার একটি ঘর থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে কাওসার মৃধা (২০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।