অপাত্রে খরচ পাঁচ কোটি টাকা

পরিচ্ছন্ন নগর গড়তে সড়কের দুই পাশের ফুটপাতে দুই সিটি করপোরেশন ৬ হাজার ৭০০টি ময়লা ফেলার পাত্র বসিয়েছিল। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে বসানো এসব পাত্র খুব একটা কাজে আসছে না। দেখভালের অভাবে অনেক পাত্র চুরি হয়ে গেছে। লোকজন এখনো সড়কেই ময়লা ফেলছেন।
দুই সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রায় চার কোটি টাকা খরচ করে দক্ষিণ সিটি করপোরেশন ৫ হাজার ৭০০টি ও ৬৮ লাখ টাকা খরচ করে উত্তর সিটি করপোরেশন নগরের ফুটপাতে ১ হাজার ময়লা ফেলার পাত্র বসায়। যেসব স্থানে মানুষের ভিড় বেশি, সেসব স্থানে ১৫০ মিটার পরপর ময়লা ফেলার পাত্র বসানো হয়েছে। আর যেসব স্থানে জনসমাগম তুলনামূলক কম, সেসব স্থানে আপাতত ময়লা ফেলার পাত্র বসানো হয়েছে ৩০০ মিটার পরপর।
দুই মেয়রের নির্বাচনী ওয়াদা অনুযায়ী পরিচ্ছন্ন ঢাকা গড়তে এসব ময়লা ফেলার পাত্র বসানোর উদ্যোগটি ছিল প্রশংসনীয়। কিন্তু কোটি কোটি টাকা খরচ করে প্রকল্পটি গ্রহণ করা হলেও নাগরিকেরা তা ব্যবহারের গরজ দেখাননি। ফলে দুই সিটির রাস্তাঘাটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসেনি।
গত কয়েক দিন কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, মিরপুর, আজিমপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ময়লা ফেলার অনেক পাত্র চুরি হয়ে গেছে। চুরির ধরনও অভিনব। কোনো পাত্রের ঢাকনা চুরি হয়ে গেছে। কোনোটির পাশের দণ্ড চুরি হয়ে গেছে। কোনোটির আবার সবকিছুই চুরি হয়ে গেছে। দেখে বোঝার উপায় নেই যে এখানে ময়লার পাত্র বসানো হয়েছিল। মাদকাসক্ত ব্যক্তি ও ছিঁচকে চোরেরা রাতের আঁধারে ময়লার পাত্র খুলে নিয়ে ভাঙারির দোকানে বিক্রি করছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছিল, জুন মাসের মধ্যে ডিএনসিসি এলাকায় মোট পাঁচ হাজার ময়লা ফেলার পাত্র বসানো হবে। কিন্তু চোরের উৎপাতে অতিষ্ঠ ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, বাকি পাত্রগুলো বসানোর ক্ষেত্রে ডিএনসিসি ধীরে এগোতে চায়। যে এক হাজার পাত্র বসানো হয়েছে, সেগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের পাত্রগুলো বসানো হবে।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, ‘চুরি সামলানো যাচ্ছে না। পরের পাত্রগুলো বসানোর ক্ষেত্রে ধীরে যাচ্ছি। তবে এ বছরের মধ্যে বাকি ময়লার পাত্রগুলো বসানো হবে। নগরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় এলে মনিটর করা সহজ হবে।’
ঢাকার দুই সিটি করপোরেশনে সড়ক আছে প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার। দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন অধিকাংশ সড়কে ময়লার পাত্র বসানো হয়েছে। তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে এসব পাত্র নিয়মিত পরিষ্কার করা হয় না। বিভিন্ন এলাকায় ময়লাভর্তি পাত্র একইভাবে পড়ে থাকছে দিনের পর দিন। অনেক পাত্রের সামনেও ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত এসব ময়লার পাত্র পরিষ্কার করছেন। তবে জনগণকে সচেতন হতে হবে। হালকা ময়লা ফেলার বদলে এসব পাত্রে গৃহস্থালি আবর্জনাও ফেলছেন। এসব পাত্র ব্যবহারে জনগণকে সচেতন করতে সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
সড়কের পাশে ময়লা ফেলার পাত্রগুলো বসানো হয়েছে পথচারীদের ময়লা-আবর্জনা ফেলার সুবিধার্থে। কিন্তু যে পাত্র আছে, সেগুলোতে লোকজনকে ময়লা ফেলতে খুব একটা দেখা যায় না। হাতের নাগালেই ময়লা ফেলার পাত্র থাকার পরও লোকজন যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছেন। নগরবিদেরা বলছেন, পরিচ্ছন্ন ঢাকা গড়তে সিটি করপোরেশনের এই উদ্যোগ সফল করতে হলে সবার আগে প্রয়োজন নাগরিক সচেতনতার।