
রাজনৈতিক সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক অব্যবস্থাপনা, আইনশৃঙ্খলার শিথিলতা ইত্যাদি সামগ্রিক প্রতিকূলতা যখনই আমাদের মনকে শঙ্কাগ্রস্ত ও আচ্ছন্ন করতে উদ্যত হয়, তখনই যেন আমাদের প্রিয় দেশ কোনো সৃজনশীল বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে আমাদের চেতনাকে পুনরুজ্জীবিত করে তোলে। আমরা আবার গর্বিত হই খেটে খাওয়া মানুষগুলোর সহজাত কর্মোদ্যম ও সব ধরনের প্রতিকূলতাকে মোকাবিলা করার দুর্দমনীয় প্রয়াস দেখে। যার ফলে বিশ্ব-পর্যবেক্ষক বিস্মিত হয়, বাংলাদেশকে পুনরায় উন্নয়নের এক পরীক্ষাগার হিসেবে উল্লেখ করে।
প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা, মাথাপিছু আয়ের স্বল্পতা, জনসংখ্যার আধিক্য ও সুশাসনের অভাব সত্ত্বেও দুই দশক ধরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬ শতাংশের সীমায় ধরে রাখা, রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখিতা এবং বৈশ্বিক মন্দার মধ্যেও ব্যষ্টিক অর্থনীতির শ্লথগতিকে নিয়ন্ত্রণে রাখতে পারার কারণে বাংলাদেশ শুধু ‘উন্নয়নের ধাঁধা’ই সৃষ্টি করেনি, সেই সঙ্গে এক অপার সম্ভাবনার দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বব্যাংকের মতে, স্বাধীনতার ৫০ বছরের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের মতে, বিশ্বের ১১টি সম্ভাবনাময় দেশের মধ্যে বাংলাদেশ একটি, যে দেশ সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ছাড়িয়ে যাবে ২০৩০ সালের মধ্যে। সম্প্রতি প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৩ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্যবসায় প্রতিযোগিতার সক্ষমতার দিক থেকে বাংলাদেশ গত এক বছরে আট ধাপ এগিয়ে ১৪৪টি দেশের মধ্যে ১১৮তম স্থান থেকে ১১০তম স্থানে পৌঁছেছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ অর্মত্য সেনের মতে, এ ধরনের বৈশিষ্ট্যপূর্ণ অর্থনৈতিক বিকাশের জন্য যে উন্নত অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন প্রয়োজন, তার অনুপস্থিতি সত্ত্বেও বাংলাদেশের পক্ষে এ অভাবনীয় অর্জন সম্ভব হয়েছে মূলত নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিকে কেন্দ্র করে (অ্যান আনসার্টেন গ্লোরি, ইন্ডিয়া অ্যান্ড ইটস কনট্রাডিকশন্স ২০১৩)। বাংলাদেশের বেগবান নারী আন্দোলন, সক্রিয় এনজিও কার্যক্রম ও বেইজিং-পরবর্তী বৈশ্বিক নারী উন্নয়ন এজেন্ডার প্রভাবে নব্বইয়ের দশক থেকে বাংলাদেশ সরকারের নারী উন্নয়ন নীতি ও তা বাস্তবায়নের কৌশলে যে ইতিবাচক পদক্ষেপগুলো গ্রহণ করা হয়, তার মাধ্যমে বাংলার নারীজীবনে এক নীরব বিপ্লবের সূচনা হয়, যাকে বিশ্বব্যাংক আখ্যা দিয়েছে ‘ফ্রম হুইসপার টু ভয়েসেস’ (২০০৮)।
বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রথম ধাপটি ছিল দারিদ্র্য দূরীকরণের প্রয়াস। আশির দশকে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ নারীরা চরম দারিদ্র্য মোকাবিলা করে উপার্জনের অর্থকরী পথ খুঁজে পায়। পরবর্তী সময়ে ব্র্যাক ও অন্যান্য এনজিও ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ও অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৬ মিলিয়ন দরিদ্র মানুষ অর্থকরী উন্নয়নের পথ খুঁজে পায় (সূত্র: ব্র্যাক)। এ ঋণগ্রহীতাদের মধ্যে ৯৭ শতাংশের অধিক নারী, যাঁদের উদ্যম ও অক্লান্ত পরিশ্রমের ফলে ১৯৯১ থেকে ২০১০ সালের মধ্যে আমাদের দারিদ্র্য হ্রাসের বার্ষিক হার নেমে আসে ১ দশমিক ৭ শতাংশে। সাম্প্রতিক গ্লোবাল হাঙ্গার ইনডেক্স প্রতিবেদন অনুযায়ী, ক্ষুধা, দারিদ্র্য ও অপুষ্টি দূর করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভারত, শ্রীলঙ্কাসহ সব দেশকে পেছনে ফেলে অগ্রগামী রয়েছে। সংগত কারণেই বাংলাদেশের নারীর কাছে পরিবারের দারিদ্র্য হ্রাসের সঙ্গে সঙ্গে সন্তানের শিক্ষার গুরুত্ব অনুভূত হয়।
অতি অল্প সময়ে নারীশিক্ষার অভাবনীয় অগ্রগতি, প্রাথমিক শিক্ষায় লিঙ্গসমতা স্থাপন এবং মাধ্যমিক বিদ্যালয়ে ছেলেদের তুলনায় মেয়েদের অধিক অংশগ্রহণের ধারাবাহিকতায় নারীর প্রজনন হার অর্ধেকের বেশি হ্রাস এবং শিশুমৃত্যুর হার ৭২ শতাংশ কমানোর মাধ্যমে বাংলাদেশ শুধু অনুকরণীয় উদাহরণই সৃষ্টি করেনি, সেই সঙ্গে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে কম্বোডিয়াসহ প্রথম স্থান অধিকার করে জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে। মানবসম্পদ উন্নয়ন প্রতিবেদন (২০১১) অনুযায়ী, বাংলাদেশে নারীশিক্ষার হার (১৫ থেকে ২৪ বছর) ৭৮ শতাংশ, যার বিপরীতে পুরুষের শিক্ষার হার ৭৫ শতাংশ।
মানব-উন্নয়ন সূচকে অভাবনীয় রূপান্তরের কারিগর নারীর পরবর্তী সহজাত পদক্ষেপ ছিল টেকসই জীবিকার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের। এই লক্ষ্যে নারী শুধু ক্ষুদ্রঋণের অর্থকরী ক্রিয়াকর্মে সীমাবদ্ধ না থেকে পুরুষের পাশাপাশি তীব্র প্রতিযোগিতামূলক মজুরিশ্রম-বাজারে প্রবেশের পদক্ষেপ গ্রহণ করে। এ ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি এবং অন্তরায়গুলো মোকাবিলা করা নারীর জন্য ছিল এক বিশেষ চ্যালেঞ্জস্বরূপ।
আশির দশকের শেষভাবে নারী মূলত প্রাতিষ্ঠানিক খাতের মজুরিশ্রম-বাজারে প্রবেশ করে। বিভিন্ন গবেষণায় প্রতীয়মান হয়, বিপুলসংখ্যক নারীর প্রাতিষ্ঠানিক শ্রমবাজারে প্রবেশের যোগ্যতা থাকা সত্ত্বেও সামাজিক বিধি-নিষেধের কারণে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মজুরিশ্রমে নারীর অংশগ্রহণ তুলনামূলকভাবে কম (৩৬ শতাংশ); যদিও জীবিকার কারণে প্রতিবছর শ্রমবাজারে নারীর প্রবেশের হার বৃদ্ধি পাচ্ছে।
এ ক্ষেত্রে লক্ষণীয় যে অকৃষি প্রাতিষ্ঠানিক খাতে যেখানে দীর্ঘ কর্মঘণ্টা এবং পুনর্বৃত্তিমূলক কাজে সস্তা শ্রমিকের চাহিদা সৃষ্টি হয়েছে, মূলত সেই সব ক্ষেত্রে নারী শ্রমিককে অগ্রাধিকার দেওয়া হয়। সে কারণে তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, হস্তশিল্পজাত দ্রব্য এবং চা-শিল্পে নারী শ্রমিকের আধিক্য দেখা যায়, যা আমাদের রপ্তানিশিল্পের প্রধান উৎস। ফলে দেশে রপ্তানি আয়ের সিংহভাগই আসে নারীর শ্রমের অবদানে।
বাংলাদেশে বিগত দুই দশকে অকৃষি খাতের বহুমাত্রিক বিকাশ হওয়া সত্ত্বেও মূলধারার শ্রমবাজারে (লেবার মার্কেট) লিঙ্গ-নির্বিশেষে নারীর নিয়োগ এখনো সামাজিক গ্রহণযোগ্যতা পায়নি। ফলে অকৃষি খাতে প্রতি পাঁচজনের মধ্যে মাত্র একজন নারী অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। সে কারণে বর্তমানে বাংলাদেশ কৃষির তুলনায় শিল্পায়নে অগ্রগামী হলেও এ খাতে নারীর অংশগ্রহণ ১৯ দশমিক ১ শতাংশ থেকে ১৪ দশমিক ১ শতাংশে নেমেছে, যা নারীর ক্ষমতায়নের পথে এক বিরাট অন্তরায় স্বরূপ। করপোরেট সেক্টরেও একই চিত্র। বাংলাদেশে অবস্থিত ১০টি বৃহত্তম বহুজাতিক কোম্পানির নির্বাহী পর্যায়ে ৮৭ জন কর্মকর্তার মধ্যে মাত্র ১৪ জন নারী। দেশের সরকারি, বেসরকারি ও বিশেষায়িত সর্বমোট ৪১টি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১৫ জন সদস্যের মধ্যে ৪৪ জন নারী। সরকারের প্রশাসনের উচ্চপর্যায়ে ৫১৫ জন সচিব ও অতিরিক্ত সচিবের মধ্যে মাত্র ১৫ জন নারী কর্মরত।
লিঙ্গ-সমতা স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক রাজনৈতিক ক্ষমতায় নারী-পুরুষের আনুপাতিক অবস্থানের হার-সংক্রান্ত বৈশ্বিক পরিসংখ্যানে সংগত কারণে বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য। বিশ্ব অর্থনৈতিক ফোরাম কর্তৃক প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০১৩ অনুযায়ী, ১৩৬টি দেশের মধ্যে লিঙ্গবৈষম্য নিরসনে সার্বিকভাবে বাংলাদেশের অবস্থান ৭৫তম, যা ১০ বছরে ১১ ধাপ এগিয়েছে। তবে শুধু রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণের মান হিসেবে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অষ্টম স্থানে, যা ১৯৯১ সাল থেকে পর্যায়ক্রমিকভাবে দুই নেত্রীর রাজনৈতিক ক্ষমতায় থাকা এবং সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়ে ২০ শতাংশে পৌঁছানোর কারণে। কিন্তু বাস্তবতার আলোকে দেখা যায়, রাজনৈতিক দলে এবং নেতৃত্বে গণতন্ত্রের চর্চার অভাবে এবং অধিকাংশ নারী সাংসদ সরাসরি নির্বাচিত না হওয়ায় নারী অধিকারের সপক্ষে রাজনীতিকদের অবস্থান নেওয়ার সংস্কৃতি এ দেশে এখনো গড়ে ওঠেনি।
গত দুই দশকের অধিক সময়ে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের সামগ্রিক বিশ্লেষণে দেখা যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও মানব উন্নয়নের ক্ষেত্রে দেশ যতটা এগিয়েছে, সামাজিক রূপান্তরের ক্ষেত্রে ততটা নয়। জনসংখ্যার ৫০ শতাংশ নারী হলেও সমাজ মূলত পুরুষতান্ত্রিক মূল্যবোধকে ধারণ ও আচরণে প্রয়োগ করে থাকে। বৃহত্তর জনগোষ্ঠীর কাছে নারীর ক্ষমতায়ন মূলধারার অংশ না হয়ে ব্যতিক্রম হিসেবে বিবেচিত হয়। একদিকে আমরা দেখি আত্মশক্তিতে বলীয়ান হয়ে বাংলাদেশের নারীরা হিমালয় জয় করছে, ছত্রীসেনা হয়ে যুদ্ধক্ষেত্রে যোগ দিচ্ছে, আবার গৃহাঙ্গনে বিনা পারিশ্রমিকে পুরুষের তুলনায় দীর্ঘতর সময় দিচ্ছে। শিল্প, বাণিজ্য, প্রশাসন, রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবদান রাখছে। কিন্তু এসব সত্ত্বেও নারী ভয়শূন্য চিত্তে পারিবারিক ও সামাজিক বৈষম্যের প্রতিবাদ করতে শেখেনি এবং মুক্তবুদ্ধিতে জীবনের বিকল্প বেছে নিতে অপারগ রয়ে গেছে। তাই পুরুষের পাশাপাশি ক্ষমতায়নের সমান্তরাল পথটিও নারীর জন্য অধরা রয়ে গেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে নারী চলাফেরার স্বাধীনতা (মবিলিটি) ও দৃশ্যমানতা (ভিজিবিলিটি) অর্জন করলেও নিয়মানুগভাবে সামাজিক রীতি, আচার ও মানদণ্ড নির্ণয়ে নারী-সামুদয়িক আদর্শ ও নীতি প্রতিষ্ঠিত হয়নি।
ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায়, ’৪৭-পরবর্তী সময়ে বাংলার নারী জাগরণের সূচনা হয় বিশিষ্ট নারী নেত্রী সুফিয়া কামাল, নূরজাহান বেগম প্রমুখের সমঅধিকারের আন্দোলনের মাধ্যমে, যা পরবর্তী সময়ে এনজিও-ভিত্তিক নারী আন্দোলনের পটভূমি সৃষ্টি করে।
তাই আমরা দেখি, নারীর আর্থসামাজিক অবদানের কারণে যে দেশের মানব-উন্নয়ন সূচক সময়ের চেয়ে এত অগ্রগামী, সেই দেশেই ১৫ শতাংশ হারে নারী নির্যাতন বেড়ে চলেছে। ধর্ষণ, যৌননিপীড়ন ও ফতোয়ার মাধ্যমে নারীর মানবাধিকার লঙ্ঘন করে প্রকাশ্যে নারী নির্যাতন সামাজিক গ্রহণযোগ্যতা পাচ্ছে। নারীশিক্ষা অর্জনে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ স্থান দখল করার পরও স্কুলপড়ুয়া বালিকাকে জোর করে বিয়ে দেওয়ায় ৬৬ শতাংশ বাল্যবিবাহে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অগ্রগামী দেশ। বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ হওয়া সত্ত্বেও সম্ভাবনার বহু দুয়ার এখনো উন্মোচিত হয়নি নারীর জন্য। আমাদের মধ্যে স্বাধীনতার চার দশকেও পিতৃতান্ত্রিক বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করার ফলপ্রসূ সংস্কৃতি গড়ে ওঠেনি। উপরন্তু ধর্মীয় অপব্যাখ্যা ও বিদ্যমান কিছু বৈষম্যমূলক আইন নারীজীবনের ব্যাপ্তিকে সামাজিক বিধি-নিষেধের নিয়ন্ত্রণে আবদ্ধ রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
নারীর ক্ষমতায়নের বঙ্কিম পথরেখাকে পুরুষের সমান্তরাল করার জন্য সর্বপ্রথম প্রয়োজন আইনের দৃষ্টিতে জীবনের সব ক্ষেত্রে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা। এ প্রসঙ্গে ‘সিডও’ সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন একটি পূর্বশর্ত। সেই সঙ্গে পিতৃতান্ত্রিকতায় কাঠামোগত পরিবর্তন আনতে প্রতিটি পর্যায়ে নারীর সম-অন্তর্ভুক্তি অনিবার্য ও আবশ্যিক করতে হবে, যা নারীকে দৃঢ়প্রত্যয়ী হয়ে নিজের দাবি আদায় ও আত্ম-আবিষ্কারের শক্তি জোগাবে। বিশ্বদরবারে প্রশংসিত আমাদের অর্থনৈতিক উন্নয়ন টেকসই ও দীর্ঘমেয়াদি করতে হলে উদার গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রেণীনির্বিশেষে লিঙ্গবৈষম্য নিরসন করে একটি সুদৃঢ় আর্থসামাজিক ভিত্তি প্রস্তুত করতে হবে। তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দেশজ উৎপাদনের হার বৃদ্ধি পাবে এবং অর্ধেক জনগোষ্ঠী হিসেবে নারী আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে পরিবার ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি পর্যায়ে সমান অংশীদারি ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে, যার ফলে সমাজে নারী-পুরুষ সম্পর্কের মধ্যে কাঠামোগত ও গুণগত পরিবর্তন আসবে। নারী-পুরুষের সমান্তরাল ক্ষমতায়নই আমাদের স্বপ্নের অপার সম্ভাবনাময় বাংলাদেশকে বাস্তব রূপ দিতে সক্ষম হবে।
সালমা খান: নারীনেত্রী; সাবেক চেয়ারপারসন, জাতিসংঘ সিডও কমিটি