চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের পরিচালনা ও ব্যবস্থাপনায় অপারেটর নিয়োগের জন্য আহ্বান করা দরপত্রে অনিয়ম ছিল বলে অভিযোগ এনে তা বাতিলের সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি এ দরপত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিনের সময় এ দরপত্র আহ্বান করা হয়। গতকাল বুধবার সংসদ ভবনে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শাহ আলম, মজাহারুল হক, গোলাম কিবরিয়া, বেগম হাবিবুন নাহার, আবু জাহির ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। মংলা বন্দরের জমি ইজারা নিয়ে যাঁরা শিল্প-কারখানা গড়েননি তাঁদের ইজারাদেশ বাতিল করার জন্য কমিটি সুপারিশ করে। সভায় জানানো হয়, নিউমুরিং কনটেইনার টার্মিনালে বিদেশি একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করে তৈরি করা দরপত্রে দেশি কোনো প্রতিষ্ঠানকে অংশ নেওয়ার সুযোগই রাখা হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আহ্বান করা সেই দরপত্র অনুসারে এখনো কাজ চলছে। আর কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও শর্তের ফাঁদে ফেলে দেশি সব কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে।কমিটির সভাপতি নূর-এ-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনালের দরপত্রের অনিয়মের সত্যতা পেয়ে কমিটি তা বাতিল করার এবং নতুন করে দরপত্র আহ্বান করার সুপারিশ করেছে। তিনি বলেন, এ ছাড়া সাবেক উপদেষ্টা মতিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।