অপারেশন জ্যাকপট নিয়ে চলচ্চিত্র হচ্ছে
মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে পাকিস্তানি যুদ্ধজাহাজ ধ্বংসে ‘অপারেশন জ্যাকপট’-এ অংশ নেওয়া নৌকমান্ডোদের দুঃসাহসিক অভিযান নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ চলচ্চিত্র বানানোর প্রকল্প হাতে নিয়েছে।
গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দর কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধে অবদান রাখা অকুতোভয় নৌকমান্ডোদের দুঃসাহসী অভিযানকে স্মরণীয় করে রাখতে অপারেশন জ্যাকপট নামে চলচ্চিত্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে।
বৈঠকে জানানো হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের জন্য ৩ হাজার ৬৬০ ইউনিট আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে ৩৬০ ইউনিট ফ্ল্যাটের নির্মাণকাজ চলমান আছে।