অপারেশন জ্যাকপটের নৌ কমান্ডোদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া নৌ কমান্ডো ও তাঁদের সহযোগীদের সম্মাননা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরের একটি হোটেলে নৌ কমান্ডো ও তাঁদের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রশিক্ষণ পাওয়া নৌ কমান্ডোরা দেশের সমুদ্রবন্দর ও প্রধান প্রধান নদীবন্দরে একযোগে যে অভিযান চালান, সেটি অপারেশন জ্যাকপট নামে খ্যাত।
নৌ কমান্ডোদের সংগঠন নেভাল কমান্ডো অ্যান্ড অ্যাসোসিয়েটস এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল।
অনুষ্ঠানে অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া ৬০ জন নৌ কমান্ডো এবং নৌ কমান্ডোদের আশ্রয় ও তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, এমন ৪০ জনকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া নৌ কমান্ডোদের আশ্রয় দেওয়া চারটি বাড়ির মালিককেও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মাত্র তিন মাসের প্রশিক্ষণ নিয়ে নৌ কমান্ডোরা ১১টি জাহাজ ডুবিয়ে দিয়েছেন। এত বড় সাফল্য পাওয়া বিশ্বে বিরল ঘটনা। তিনি বলেন, সাহসী জাতি গঠনে মুক্তিযুদ্ধের এমন দুঃসাহসী অভিযানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে অপারেশন জ্যাকপটের চট্টগ্রাম অভিযানের অধিনায়ক কমোডর (অব.) এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম অভিযানের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, অভিযানে অংশ নেওয়া পুরো দল অক্ষত থেকে কর্ণফুলী চ্যানেলে ১১টি জাহাজ ধ্বংসের পর সে সময় ওই চ্যানেলে আর কোনো জাহাজ প্রবেশ করেনি। অভূতপূর্ব সাহসিকতা ও মনোবল সম্বল করে ওই অভিযান সফল করেছিলেন নৌ কমান্ডোরা।
অনুষ্ঠানে জানানো হয়, ভারতে তিন মাসের প্রশিক্ষণ নিয়ে ১৯৭১ সালের ১০ আগস্ট নৌ কমান্ডোরা দেশে প্রবেশ করেন। পরিকল্পনা অনুযায়ী ১৫ আগস্ট মধ্য রাতে ৬০ জনের দল ভাগ হয়ে অভিযান শুরু করেন। কর্ণফুলীতে অবস্থানরত জাহাজগুলোর গায়ে মাইন স্থাপন করে ১১টি জাহাজ ধ্বংস করেন নৌ কমান্ডোরা।