অপারেশন লার্ভা ক্রাশের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম ‘অপারেশন লার্ভা ক্রাশ’ শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫-এর (কারওয়ান বাজার) স্বাস্থ্য বিভাগ। গতকাল সকালে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান।

রাজধানীতে মশার উৎপাত বৃদ্ধি পাওয়ায় লার্ভা নিধনের এ বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের অধীনে ডিএনসিসি অঞ্চল-৫-এর ৭২টি হ্যান্ড স্প্রে মেশিন ও ৪৮টি ফগার মেশিন নিয়ে ৯টি ওয়ার্ডের ৬৪ জন মশক নিধন কর্মীকে তিনটি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপ একেকটি ওয়ার্ডে একসঙ্গে মশার লার্ভা নিধনে কাজ করবে। গতকাল কার্যক্রমের শুরুর প্রথম দিনে ২৯ নম্বর ওয়ার্ডের সূচনা কমিউনিটি সেন্টারের আশপাশের এলাকা, ৩১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর, টাউনহল এবং ৩২ নম্বর ওয়ার্ডের লালমাটিয়া এলাকায় লার্ভা মারার ওষুধ ছিটানো হয়।

এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি অঞ্চল-৫-এর স্বাস্থ্য পরিদর্শক আবদুল খালেক মজুমদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।