অপালা নভেদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক অপালা ফরহত নভেদ (৫৪) আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভুগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহি....রাজিউন)। তাঁর মরদেহ চিকিত্সাশিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজকে দেওয়া হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। ছায়ানটের প্রতিষ্ঠাতা প্রয়াত ওয়াহিদুল হক ও বর্তমান সভাপতি সন্জীদা খাতুনের মেয়ে অপালা ফরহত নভেদ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সময় টেলিভিশনের সম্পাদকীয় প্রধান নিয়াজ মোর্শেদ কাদেরীর সহধর্মিণী অপালা মৃত্যুকালে এক সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অপালা ফরহতের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘জাতি একজন প্রতিভাবান শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীকে হারিয়েছে।’গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মরহুমের মরদেহ ধানমন্ডির ছায়ানট ভবনে রাখা হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক ও রাজনীতিবিদেরা তাঁর প্রতি শেষশ্রদ্ধা জানান।