অপুর জালিয়াতিতে রুদ্রর কারাভোগ অবশেষে মুক্তি মিলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাচালানের মামলায় সাজা হয়েছিল চট্টগ্রামের ফটিকছড়ির অপু চন্দ্র সরকারের। কিন্তু কারাভোগ করছেন সাতকানিয়ার বিজয় রুদ্র। কারণ, বিজয় রুদ্রের নাম ও বাড়ির ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করেছেন অপু চন্দ্র। আর পুলিশ আদালতের পরোয়ানা হাতে পেয়ে ঠিকানায় গিয়ে বিজয় রুদ্রকে ধরে এনে কারাগারে পুরেছে।বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বিজয় রুদ্রকে নিরপরাধ দাবি করে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন। গত ফেব্রুয়ারিতে আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর গতকাল বৃহস্পতিবার কারাবন্দী বিজয় রুদ্রকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন। বর্তমানে তিনি যশোর কারাগারে আছেন।রিট আবেদন থেকে জানা যায়, অপু চন্দ্র সরকার নামে চট্টগ্রামের ফটিকছড়ির এক ব্যক্তি নিজ ঠিকানা গোপন রেখে সাতকানিয়ার বিজয় রুদ্রর নাম-ঠিকানা উল্লেখ করে পাসপোর্ট করেন। এরপর তিনি ভারতে যান। ১৯৯৮ সালের ১৩ জানুয়ারি ভারত থেকে ফেরার পথে অবৈধ পণ্যসহ তিনি বেনাপোল বন্দরে ধরা পড়েন। পরদিন তাঁর বিরুদ্ধে যশোরের শার্শা উপজেলায় চোরাচালানের অভিযোগে মামলা হয়। ওই বছরের ২২ জুলাই তিনি জামিন পান। এরপর পলাতক থাকেন। তাঁর অনুপস্থিতিতে বিচারিক আদালত তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।পরোয়ানায় উল্লিখিত ঠিকানা অনুসরণ করে পুলিশ ২০০৭ সালের নভেম্বরে বিজয় রুদ্রকে গ্রেপ্তার করে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। পরে জেলা প্রশাসন থেকে তাঁর ছবি ও স্বাক্ষর মিলিয়ে কর্তৃপক্ষ বিজয় রুদ্রের দাবির সত্যতা পায়। ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশে বিজয় রুদ্র জামিন পান। তবে মামলা বাতিলের আবেদনের চূড়ান্ত শুনানি শেষে আইনগত সঠিক পথ অনুসরণ না করায় হাইকোর্ট কথিত বিজয় রুদ্রের (আসলে অপু চন্দ্র) সাজা বহাল রাখেন। তবে অপু চন্দ্র যে বিজয় রুদ্র নন, এ বিষয়টি অমীমাংসিত থাকে বলে বিজয় রুদ্রকে আবার কারাগারে যেতে হয়। এলিনা খান প্রথম আলোকে বলেন, ‘বিজয় রুদ্র ১০ মাস কারাভোগ করছেন। অপু চন্দ্র সরকার তাঁর পাসপোর্টে বিজয় রুদ্রের নাম-ঠিকানা ব্যবহার করেন। পুলিশ পাসপোর্ট ও অপুর বক্তব্য অনুযায়ী মামলা করে। কিন্তু ওই পাসপোর্টটি আদালতে উপস্থাপন করা হয়নি।এলিনা খান বলেন, ১৯৯৮ সালে অপু যখন গ্রেপ্তার হয়ে জেলখানায় যান, তখনকার ছবি এবং ২০০৭ সালে যখন বিজয় রুদ্র আটক হন—সেই ছবি ও স্বাক্ষরে স্বাভাবিকভাবে অমিল পাওয়া যায়। এ বিষয়ে দুই দফা তদন্ত হয়। তদন্ত প্রতিবেদন পর‌্যালোচনা করে আদালত নিরপরাধ বিজয় রুদ্রকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন।