অপুষ্টি দূর করতে দরকার রাজনৈতিক প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপুষ্টি দূর করার জন্য রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি জাতীয় পুষ্টি কর্মসূচির নেতৃত্ব দিলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে। পরিস্থিতি বদলাতে প্রয়োজনে পৃথক পুষ্টি মন্ত্রণালয় গঠন করতে হবে।
গতকাল বুধবার ব্র্যাক সেন্টারে পুষ্টি বিস্তারে প্রতিশ্রুতি ও বিভিন্ন খাতের যৌথ কর্মোদ্যোগবিষয়ক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এ কথা বলেন। এ মাসের শেষ সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় পুষ্টি সম্মেলন সামনে রেখে ব্র্যাক এই বৈঠকের আয়োজন করে।
অনুষ্ঠানের মূল বিষয়ের উপস্থাপক আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি ও খাদ্যনিরাপত্তা কেন্দ্রের পরিচালক অধ্যাপক তাহমিদ আহমেদ বলেন, বলিভিয়া, পেরু, থাইল্যান্ড ও ব্রাজিলের সরকার বা রাষ্ট্রপ্রধানেরা পুষ্টি কর্মসূচির নেতৃত্ব নিয়েছেন বলেই এসব দেশ অপুষ্টি দূর করতে অনেকখানি সফল হয়েছে। তিনি বলেন, দেশের ছয় লাখ শিশু তীব্র অপুষ্টির শিকার। ৪১ শতাংশ শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম। তিনি আরও বলেন, জিডিপি বা মানুষের আয় বাড়লেই পুষ্টি পরিস্থিতির উন্নতির নিশ্চয়তা নেই।
বৈঠকে ইউএনডিপি, ইউনিসেফ, ইউএসএআইডি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডিএফআইডি, অসএইড, বিশ্বব্যাংক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিসহ সরকারের একাধিক মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে একাধিক আলোচক বলেন, কিছু ক্ষেত্রে বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি আফ্রিকার কিছু দেশের চেয়ে খারাপ। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে নিয়ে পুষ্টি কর্মসূচিকে এগিয়ে নেওয়ার কথা বললেও বাংলাদেশে কাজটি হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের সভাপতি ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ বলেন, বাংলাদেশে নারীর অবস্থান আফ্রিকার কিছু দেশের নারীর অবস্থার চেয়ে খারাপ। আফ্রিকার দেশগুলোর চেয়ে বাংলাদেশের শিশুদের মধ্যে ডায়রিয়ার মতো সংক্রামক রোগে আক্রান্তের হার বেশি। এ দেশের মায়েদের মধ্যে সঠিকভাবে শিশুর যত্ন নেওয়ার ধারণা কম। এ ছাড়া সাধারণভাবে দেশে পুষ্টি সচেতনতাও কম। তিনি বলেন, দেশে পুষ্টি মন্ত্রণালয় হওয়া দরকার। পৃথক মন্ত্রণালয় হলে এ বিষয়ে একটা ধাক্কা লাগবে এবং অপুষ্টি দূর করার ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে যাবে।
সভায় একাধিক আলোচক বলেন, পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এর সঙ্গে রাজনীতিকদের জড়িত করতে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি। বৈঠকে উপস্থিত প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, পুষ্টিকে প্রথম আলো সব সময় গুরুত্ব দেয়। আরও বেশি প্রতিবেদন ছাপার জন্য তিনি পুষ্টিবিদসহ অন্যদের কাছ থেকে তথ্য ও উপাত্ত-সহায়তা চান।
অনুষ্ঠানে বলা হয়, বিশ্বব্যাপী অপুষ্টি দূর করার ক্ষেত্রে ‘সান’ (স্কেলিং আপ নিউট্রিশন) আন্দোলন বড় ভূমিকা রাখছে। জাতিসংঘের মহাসচিবের আহ্বানে এই আন্দোলন গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফজলে হাসান আবেদ সানের সদস্য। দেশে এখনো সানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু না হওয়ায় উপস্থিত অনেকেই দুঃখ প্রকাশ করেন।
পুষ্টিবিজ্ঞানী এস কে রায় বলেন, পুষ্টির কাজকে অনেকে মূল মনে না করে সহায়ক কাজ মনে করেন। কেউ বলেন, এ দেশে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রাধিকারের তালিকায় পুষ্টির স্থান নেই। পুষ্টিকে নির্বাচনী বা উন্নয়নের বিষয় হিসেবে নেওয়া ঠিক হবে কি না, তা নিয়ে প্রধানমন্ত্রীসহ রাজনীতিবিদদের দ্বিধা আছে। তাঁরা এই দ্বিধা কাটিয়ে উঠলেই দেশ পুষ্টির ক্ষেত্রে এগিয়ে যাবে।
অনুষ্ঠানের শুরুতে দেশের পুষ্টি পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাওসার আফসানা।