অপুষ্টি দূর করতে প্রতিদিন ডিম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপুষ্টি দূর করে সুস্বাস্থ্য গঠনের জন্য প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব ডিম দিবস উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ পরামর্শ দেওয়া হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। বিশ্ব ডিম দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন ডিম খান’।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক প্রিয় মোহন দাস ও পোলট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক সুভাষ চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক বলেন, বর্তমানে দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৪৫ শতাংশ আসে পোলট্রি খাত থেকে। সরকার জনপ্রতি বছরে ডিম খাওয়ার গড় পরিমাণ ১০৪টিতে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে।
ডিমকে ‘সুপার ফুড’ হিসেবে অভিহিত করে বিশেষ অতিথি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় বলেন, ডিমের মতো এত স্বল্পমূল্যের প্রাণিজ আমিষ দ্বিতীয়টি নেই। মা, শিশু, যুবক, বৃদ্ধ সব বয়সী মানুষের জন্য ডিম একটি আদর্শ খাদ্য। মেধাবী জাতি গড়তে হলে ডিম খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে।
বিপিআইসিসির সভাপতি মসিউর রহমান বলেন, প্রতিদিন একটি করে ডিম খেলে অপুষ্টি অনেকাংশে দূর করা সম্ভব। তিনি ডিমের উৎপাদন খরচ কমাতে মুরগির খাবারে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক প্রত্যাহার ও রাষ্ট্রীয় গণমাধ্যমে ডিমের উপকারিতার প্রচার বাড়ানোর তাগিদ দেন।
সূচনা বক্তব্যে বিপিআইসিসির সহসভাপতি সামসুল আরেফিন বলেন, বর্তমানে দেশে প্রতিদিন সোয়া দুই কোটি ডিম উৎপাদিত হচ্ছে, ২০৩০ সাল নাগাদ যা চার কোটিতে উন্নীত হবে।
আলোচনা সভার আগে ডিম খাওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।