অপুষ্টি দূর করতে 'সান' কী করছে জানতে চান সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এক গোলটেবিল বৈঠকে দেশের অপুষ্টি সমস্যা সমাধানে ‘সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন ফর সান’ কী করেছে তা জানতে চান। গতকাল রোববার সিরডাপ মিলনায়তনে সাংসদদের জন্য ওই বৈঠকের আয়োজন করেছিল ‘সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন ফর সান’।
স্কেলিং আপ নিউট্রিশন-সান একটি আন্তর্জাতিক মোর্চা। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের নেতৃত্বে সরকারি-বেসরকারি সংস্থা, জাতিসংঘ, দাতা সংস্থা, ব্যবসায়ী ও গবেষকদের নিয়ে এটি গঠিত হয়। কমিটির অন্যতম সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানের পক্ষে এ দেশে কাজ করছে ওই আয়োজক সংগঠন।
ফজলে রাব্বী মিয়া বলেন, ‘সান তাদের উপস্থাপনায় দেখিয়েছে জনপ্রতিনিধিরা পুষ্টি পরিস্থিতির উন্নয়নে কী করতে পারে। কিন্তু সান কী করেছে এ পর্যন্ত সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানায়নি। উপস্থাপনায় দেখলাম, সিলেট এবং রংপুরে পুষ্টি পরিস্থিতি খারাপ। এ দুটি অঞ্চলের জন্য আপনারা কী করেছেন জানতে চাই।’ ডেপুটি স্পিকার আরও বলেন, পুষ্টি পরিস্থিতির উন্নয়নের জন্য সাংসদদের নিয়ে একটি ককাস গঠন করা যায়। তিনি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে দ্রুত একটি পুষ্টি নীতি করারও অনুরোধ জানান।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে জানান, খসড়া পুষ্টিনীতি মন্ত্রিপরিষদে জমা আছে। শিগগিরই এটি পাস হবে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কমিউনিটি ক্লিনিকে বিনা মূল্যের ওষুধ ঠিকভাবে সবাই পাচ্ছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান। ঢাকা-১৯-এর সাংসদ এনামুর রহমান বলেন, ‘আমি আমার এলাকায় মাতৃত্বকালীন ভাতা দিয়ে জিজ্ঞেস করেছি এটা দিয়ে তোমরা কী করবা? তারা উত্তর দিয়েছে বাচ্চার জন্য জামাকাপড় কিনবে। টাকাটা যেন পুষ্টিকর খাবার কিনে খরচ করে, সে বিষয়ে তাদের সচেতন করা দরকার।’
বগুড়া-১ আসন থেকে নির্বাচিত সাংসদ আবদুল মান্নান পুষ্টি নিয়ে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব সম্পর্কে বলেন, সংসদীয় কমিটি খুব একটা কাজের কিছু নয়। কোনো মন্ত্রণালয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মানতে বাধ্য নয়।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেই পুষ্টি নিশ্চিত হয় না। ভাতের সঙ্গে কোনটি কী পরিমাণে খেতে হবে, তা জানাতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদের হুইপ আ স ম ফিরোজ। বক্তব্য দেন সানের ফোকাল পয়েন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের ও আয়োজক সংগঠনের কাওসার আফসানা।