অপুষ্টি দূর করা বাংলাদেশের জন্য এখনো বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয়ের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক টিমোথি গ্রান্ট ইভান্স বলেছেন, স্বাস্থ্যের যে সেবার জন্য ৫০ মার্কিন ডলার প্রয়োজন, জনবল দক্ষ হলেও ১০ ডলার ব্যয়ে সেই সেবা দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, বাংলাদেশ স্বাস্থ্য খাতে বেশ কিছু ক্ষেত্রে সাফল্য অর্জন করলেও অপুষ্টি দূর করা এখনো বড় চ্যালেঞ্জ।
গতকাল রোববার প্রজনন, মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্যে বৈশ্বিক অর্থায়নবিষয়ক অনুষ্ঠানে বিশ্বব্যাংক কর্মকর্তা এসব কথা বলেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
টিমোথি ইভান্স বলেন, বাংলাদেশের জাতীয় বাজেটে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতে বরাদ্দ কমছে (২০১০-১১ অর্থবছরে ছিল ৬ শতাংশ, ২০১৫-১৬ অর্থবছরে ৪.৩১ শতাংশ)। স্বাস্থ্য বিমার আওতায় আছে ১ শতাংশেরও কম মানুষ। ১৫ শতাংশ পরিবার আকস্মিক চিকিৎসা ব্যয়ের কারণে দরিদ্র হয়ে পড়ে। স্বাস্থ্য খাতে সরকারের বরাদ্দ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্য খাতে দাতাদের দেওয়া প্রতিটি পয়সা স্বচ্ছতার সঙ্গে খরচ করা হবে। কেউ দুর্নীতি করলে শাস্তি দেওয়া হবে। তিনি দ্রুত অর্থ ছাড় করার জন্য দাতাদের অনুরোধ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে সরকারের পাশাপাশি বিশ্বব্যাংক ও গেটস ফাউন্ডেশনের অর্থে ‘গ্লোবাল ফিন্যান্সিং ফ্যাসিলিটি (জিএফএফ) গ্রান্ট’ তৈরি হয়েছে। ৬২টি দেশের প্রজনন, মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্যের উন্নতিতে এই তহবিল থেকে অর্থায়ন করা হবে। ২০১৫-১৬ অর্থবছরে যে ১২টি দেশকে অর্থ দেওয়া হবে, বাংলাদেশ তার একটি।
অনুষ্ঠানের শুরুতে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি নবরত্নস্বামী পরানিথরন বলেন, বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা যে হারে বাড়ছে সেই হারে নার্স বা অন্যান্য স্বাস্থ্যকর্মী বাড়ছে না। এ দেশে সেবার পরিমাণ বেড়েছে। কিন্তু এসডিজিতে সেবার মানের ওপর জোর দেওয়া হয়েছে। বাংলাদেশ মধ্য আয়ের দেশ হতে যাচ্ছে। মধ্য আয়ের দেশ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশাও বাড়বে। মধ্য আয়ের দেশে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় ১০০ ডলারের মতো, বাংলাদেশে এখন মাত্র ২৭ ডলার।
নির্ধারিত আলোচক হিসেবে ব্র্যাকের ভাইস চেয়ারপারসন মোস্তাক রাজা চৌধুরী বলেন, জিএফএফ তহবিল ব্যবহারের ক্ষেত্রে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। এ তিনটি বিষয় হলো জন্ম, মৃত্যু বা জনসংখ্যাসহ অন্যান্য পিছিয়ে থাকা নিবন্ধন প্রক্রিয়ার দুর্বলতা দূর করা; বিএমডিসি, নিপসম, আইইডিসিআর—এসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি এগুলোর স্বায়ত্তশাসন দেওয়া এবং পরীক্ষিত সফল স্বাস্থ্য উদ্যোগগুলোর প্রসার ঘটানো।
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম তাঁর উপস্থাপনায় বলেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট ও এসডিজির লক্ষ্য অর্জনে অর্থায়ন হচ্ছে এখনকার বড় চ্যালেঞ্জ।