অপুষ্টি, বাল্যবিবাহ নানা বেড়াজালে বন্দী শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের এগিয়ে চলার পথে পদে পদে বাধা, নানা বেড়াজাল। রোগ, শোক আর অপুষ্টির দুর্ভোগ তো আছেই, আছে বাল্যবিবাহের মতো ইচ্ছার বিরুদ্ধে নিজেকে সঁপে দেওয়ার মতো নানা সামাজিক সমস্যা। মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধেও দেদার ব্যবহৃত হচ্ছে শিশু। 

বাংলাদেশের শিশু পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘে পাঠানো সরকারি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
১৯৮৯ সালে সাধারণ পরিষদের বৈঠকে জাতিসংঘ শিশু অধিকার সনদ গৃহীত হয়। সনদে স্বাক্ষর করা প্রথম ২০টি দেশের একটি বাংলাদেশকে পঞ্চমবারের মতো অগ্রগতির তথ্য দিয়ে প্রতিবেদন পাঠাতে হলো। আগামী বছরের মার্চে সরকারকে শিশু অধিকারবিষয়ক জাতিসংঘের কমিটিতে শুনানির মুখোমুখি হতে হবে।
জাতিসংঘে পাঠানো ‘ফিফথ স্টেট পার্টি পিরিওডিক রিপোর্ট’-এ ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে মোট আটটি আইনের কথা জানিয়েছে সরকার। ‘উল্লেখযোগ্য’ অগ্রগতির দাবি করেছে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইন সত্ত্বেও সব শিশুকে সুরক্ষা দিতে না পারার দায় স্বীকার করেছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম প্রথমআলোকে বলেন, ‘আমরা এই অর্থে খুশি যে শিশু অধিকার সনদের আলোকে বেশ কিছু আইন হয়েছে। অনেক কর্মসূচি আছে, অনেক প্রকল্প চলছে। তবে আমরা সবার দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারছি না।’
জাতিসংঘ শিশু তহবিলের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জোহেরিন বলেন, ‘শিশু সুরক্ষায় অগ্রগতি বলতে এটুকুই যে একটা আইন হয়েছে। আইনটি আরও উন্নত করার সুযোগ আছে। আইনটির বাস্তবায়ন হলে পরিস্থিতির উন্নতি হতে পারত। তবে ভালো খবর হলো জন্ম নিবন্ধনের হার আগের চেয়ে বেড়েছে।’
আইন হয়েছে, বাস্তবায়ন ধীর
প্রতিবেদনের ‘জাতীয় উন্নয়ন কৌশল ও শিশুদের জন্য কর্মপরিকল্পনা’ অংশে বলা হয়েছে, জাতীয় পর্যায়ের সব নীতি কৌশল নির্ধারণের ক্ষেত্রে শিশুদের কথা মাথায় রাখা হয়। তবে দেশের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিষ্কারভাবে বলা হয়েছে, ‘শিশু অধিকার বাস্তবায়নের কাজে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে শিশু পরিস্থিতির আরও উন্নতি দরকার। কারণ শিশুর বেঁচে থাকা ও উন্নয়ন হুমকির মুখে। অপুষ্টি, রোগ, শোক, দারিদ্র্য, নিরক্ষরতা, অপব্যবহার, শোষণ ও দুর্যোগের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
সরকার প্রতিবেদনে শিশুদের জন্য আইন করে কৃতিত্বের দাবি করলেও এসব আইন বাস্তবায়নের গতি ধীর। প্রতিবেদনের শুরুতেই জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে সরকার শিশু আইন ২০১৩ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আইনটিতে আইনের সংস্পর্শে বা অপরাধে জড়িয়ে পড়া শিশুদের ক্ষেত্রে বিচারব্যবস্থা কেমন হবে, এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে। আইনটি বাস্তবায়নে দেশের প্রতিটি থানায় আলাদা ডেস্ক ও কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা। এ ছাড়া শিশুদের সহায়তা দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রবেশনারি কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
সরকার দাবি করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ এগোচ্ছে। পুলিশ ৫০টি থানায় আলাদা ডেস্ক চালু করেছে। জনবল নিয়োগের কাজও চলছে।
তবে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আওতায় বেশ কিছু ডেস্ক কাজ করছে। প্রশিক্ষণ চলছে মাঠপর্যায়ে। বিচ্ছিন্নভাবে বেশ কিছু জায়গায় ডেস্ক আছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় এখনো সব জেলায় কর্মকর্তা নিয়োগ দিতে পারেনি। শিশু আইন ২০১৩ আইনটি হওয়ার ১৫ মাস পরও বিধি তৈরি হয়নি।
সাত বছরের শিশুকে আগে অপরাধের দায় স্বীকার করতে হতো। এখন নয় বছর বয়সী শিশুকে দায় স্বীকার করতে হয়। জাতিসংঘ শিশু তহবিল কয়েক বছর ধরে বয়সটি ১২ নির্ধারণের চেষ্টা করে আসছে। এ ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম বলেছেন, প্রায় সব শিশুকে টিকা দেওয়ায় বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমেছে। শিক্ষা ক্ষেত্রে ছেলে ও মেয়েশিশুর মধ্যে ভারসাম্য এসেছে। ৫০ হাজার শিশুকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে মুক্ত করা গেছে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, দরিদ্র শিশুর সংখ্যা অনেক বেশি হওয়ায় উন্নয়ন কর্মসূচির বাইরে থেকে যাচ্ছে বহু শিশু। খর্বাকৃতির, কৃশকায় শিশুর সংখ্যা এখনো অনেক। শিশুদের জন্য আইন ও নীতি প্রণয়নে শিশুদের যোগাযোগ বাড়ানো হয়েছে। কিন্তু বাদ পড়ে যাচ্ছে দরিদ্র শিশুরা। শহরের বস্তি এলাকা ও সীমান্তবর্তী এলাকাকায় শিশুদের মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। পাচারের শিকার হচ্ছে বহু শিশু—এ কথাও বলা হয় প্রতিবেদনে।