অপুষ্টি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ত করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে চরম অপুষ্টির শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। প্রতিবছর দেশটিতে পাঁচ লাখ করে শিশু মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত হচ্ছে এবং এ বছর অপুষ্টির শিকার শিশুর সংখ্যা ৯০ লাখে গিয়ে দাঁড়াবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুষ্টিকার্যক্রমে ব্যাপকহারে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ত করার সুপারিশ করেছে সরকারের জনস্বাস্থ্য ও পুষ্টিপ্রতিষ্ঠান এবং সেভ দ্য চিল্ড্রেন। গতকাল সোমবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ন্যাশনাল সেমিনার অন ফাইন্ডিংস অব কমিউনিটি কেস ম্যানেজমেন্ট অব সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন ইন সাউদার্ন বাংলাদেশ: অ্যান অপারেশনাল এফেক্টিভনেস স্টাডি’ শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেভ দ্য চিল্ড্রেন ইউএসের আবাসিক প্রতিনিধি ক্লেল্যান্ড স্টিভেনসন। আইপিএইচএনের পরিচালক ফাতিমা পারভীন চৌধুরী বলেন, অপুষ্টিসমস্যা মোকাবিলায় ২০ বছর ধরে নানা কর্মসূচি পরিচালনা করা হলেও চরম অপুষ্টিসমস্যাটি উপেক্ষিতই থেকে গেছে। তাই বিষয়টি নিয়ে গবেষণার জন্য অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি আছে এমন দুটি উপজেলা ভোলার বোরহানউদ্দীন ও লালমোহনকে বেছে নেওয়া হয়। উদ্দেশ্য ছিল ঠিক কোন পদ্ধতিতে এসব শিশুর কাছে পৌঁছানো যায় তা খুঁজে বের করা। সমীক্ষার প্রধান গবেষক যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেট সেডলি জানান, ওই দুটি উপজেলায় জুন ২০০৯ থেকে জুন ২০১০ সাল পর্যন্ত জনস্বাস্থ্য ও পুষ্টিপ্রতিষ্ঠান (আইপিএইচএন), সেভ দ্য চিল্ড্রেন এবং বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সমীক্ষা চালায়। কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা সফলভাবে বোরহানউদ্দীনে ৭২৪ জন চরম অপুষ্টির শিকার শিশুকে চিহ্নিত করে চিকিৎসা দেয়। এদের মধ্যে ৯২ শতাংশ সুস্থ হয়ে ওঠে।স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা লাবণ্য প্রভা দে বলেন, চরম অপুষ্টির শিকার শিশুরা হাসপাতালে এসে চিকিৎসা নেয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিটের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে নারীদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিতে হবে। নারীরা শিক্ষিত ও ক্ষমতায়িত হলে বাল্যবিয়ে বন্ধ হবে ও অপুষ্ট শিশু জন্মের ঘটনা কমে আসবে। বরিশাল মেডিকেল কলেজের শিক্ষক সৈয়দ জাহিদ হোসেন বলেন, কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করায় সুফল পাওয়া গেছে।