অপুষ্টি রোধে মন্ত্রণালয়গুলোকে এক টেবিলে আনা যাচ্ছে না
অপুষ্টি রোধে যে মন্ত্রণালয়গুলোর একযোগে কাজ করার কথা, তাদের এক টেবিলে আনা যাচ্ছে না। সমন্বয়হীনতা আছে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যেও।
আজ মঙ্গলবার মহাখালীর ইপিআই ভবনে জাতীয় পুষ্টিসেবা কর্মসূচি আয়োজিত এক কর্মশালায় আলোচকরা এ মন্তব্য করেছেন। ওই কর্মশালায় অংশ নেন জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন, বিশ্বব্যাংক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। তাঁরা বলেন, মন্ত্রণালয়গুলো থেকে শুরু করে মাঠপর্যায় পর্যন্ত সমন্বয়হীনতা প্রকট।
কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার আলী লেনিন বলেন, অপুষ্টি দূর করতে সরকারের সদিচ্ছার অভাব নেই। তবে সরকারি কর্মকর্তাদের সবার মধ্যে পুষ্টি সম্পর্কে পরিষ্কার ধারণা নেই।
জাতিসংঘের রিচ ইন্টারন্যাশনাল কর্মসূচির কর্মকর্তা মেরি মানানধার বলেন, বাংলাদেশের সরকার অপুষ্টি দূর করতে চায়। সমস্যাগুলো খুঁজে বের করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
জাতীয় পুষ্টিসেবা কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক নাসরিন খান বলেছেন, অপুষ্টি দূর করতে ১৩টি মন্ত্রণালয়ের একযোগে কাজ করার কথা। মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যৌথসভায় বসছেন। অপুষ্টি দূরীকরণে অন্য যেসব কর্মসূচি আছে সেগুলোতেও কিছু কিছু মন্ত্রণালয় অংশ নিচ্ছে। ধীরে ধীরে সাড়া পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, ২০১২ সালে জাতীয় পুষ্টিসেবা কর্মসূচি কাজ শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা, মহিলা ও শিশু, তথ্য, শিক্ষা, মত্স্য ও প্রাণিসম্পদ, স্থানীয় সরকারসহ মোট ১৩টি মন্ত্রণালয়ের পুষ্টিসেবা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। কর্মশালায় বলা হয়, কোন মন্ত্রণালয় ঠিক কী কাজ করবে, সে বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি। স্পষ্ট করার কাজ চলছে।
এ ছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মধ্যেও পুষ্টিসেবা দেওয়ার ক্ষেত্রে মতদ্বৈধতা আছে।
কর্মশালায় উপস্থিত বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ফারজানা বিলকিস বলেন, প্রতিবেশী দেশে ন্যাশনাল নিউট্রিশন অথরিটি আছে। এর কাজ হলো সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় ঘটানো। বাংলাদেশেও ‘বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল’ নামের একটি সংস্থা আছে। প্রধানমন্ত্রী এই কাউন্সিলের প্রধান। কাউন্সিলটিকে কার্যকর করা দরকার।
সেভ দ্য চিলড্রেনের খাদ্য নিরাপত্তা কর্মসূচির পরিচালক রাকেশ কাটাল বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া অপুষ্টি সমস্যা দূর করা যাবে না। তিনি বলেন, পুষ্টি নিয়ে আলাদা সংসদীয় কমিটি কাজ করতে পারে।
কর্মশালায় আরও বলা হয়, পুষ্টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে সংবাদমাধ্যমগুলোকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া পুষ্টি যে ধনী-দরিদ্র সবার ইস্যু, সে বিষয়টি তুলে ধরতে কার্যকর বিজ্ঞাপন তৈরি ও প্রচারের ব্যবস্থা করা প্রয়োজন বলেও মন্তব্য করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন জাতিসংঘের রিচ কর্মসূচির কর্মকর্তা এডউইন শিল।