অপুষ্টি সমস্যার সমাধানে ভালো করেছে বাংলাদেশ
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ বাংলাদেশ, ইথিওপিয়া ও ভিয়েতনামে অপুষ্টি সমস্যা সমাধানে ২০০৯ সাল থেকে কাজ করছে। গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, তিনটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ জানায়, তারা যেসব এলাকায় কাজ করেছে, সেখানে সময়মতো মায়ের দুধ খাওয়ানোর হার ৬৪ শতাংশ থেকে বেড়ে ৯৪ শতাংশ হয়েছে। ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর হার ৪৮ থেকে ৮৮ শতাংশে, পরিপূরক খাবার খাওয়ার হার ৪৬ থেকে ৯৯ শতাংশে, খাবারে বৈচিত্র্যের হার ৩২ থেকে ৬৪ শতাংশে উন্নীত হয়েছে বলেও জানানো হয় ওই অনুষ্ঠানে। অ্যালাইভ অ্যান্ড থ্রাইভের কার্যক্রমের মূল্যায়ন করেছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসের সঙ্গে পুষ্টির বিষয়টি জড়িত। গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি সংস্থা অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিশুদের পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর একযোগে কাজ করা প্রয়োজন।
বাংলাদেশে অ্যালাইভ অ্যান্ড থ্রাইভের কাজে সহযোগিতা করেছে ব্র্যাক, জিএমএমবি, ইফপ্রি, এফএইচআই থ্রি সিক্সটি, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া।