অপুষ্টিতে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষকদের ভাষ্য, শিশুকালের অপুষ্টি থেকে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি হতে পারে। ছবি: প্রথম আলো
গবেষকদের ভাষ্য, শিশুকালের অপুষ্টি থেকে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি হতে পারে। ছবি: প্রথম আলো

শিশুদের অন্ত্রের স্বাস্থ্যের ওপর পুষ্টিহীনতার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব রয়েছে। এটি শিশুদের বেড়ে ওঠা ও চিকিত্সাকেও ক্ষতিগ্রস্ত করে।

বাংলাদেশের শিশুদের অন্ত্রের স্বাস্থ্যের ওপর অপুষ্টির প্রভাব নিয়ে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ন্যাচার নামে আন্তর্জাতিক একটি সাময়িকীতে ৪ জুন এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন এবং ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্রের (আইসিডিডিআরবি) একদল গবেষক গবেষণাটি পরিচালনা করেন। এই দলে আইসিডিডিআরবির পাঁচজন বাংলাদেশি গবেষক অংশ নেন।
রাজধানী ঢাকায় অপুষ্টিতে ভোগা ছয় থেকে ২০ মাস বয়সী ৬৪ শিশুর ওপর এই গবেষণা করা হয়।

গবেষকেরা বলছেন, খাদ্যে থাকা পুষ্টিকে বের করে আনা এবং তা কাজে লাগানোর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যাকটেরিয়া অপুষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়। পরে পুষ্টিকর খাবার দিয়েও এই ক্ষতি পুরোপুরিভাবে লাঘব করা সম্ভব হয় না।

গবেষকদের ভাষ্য, শিশুকালের অপুষ্টি থেকে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে বিকাশ ব্যাহত, অবধারণগত সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়া প্রভৃতি।

অপুষ্টিতে ভোগা শিশুরা চিকিত্সার পরেও কেন স্বাভাবিকভাবে বেড়ে ওঠে না—তা ব্যাখ্যার ক্ষেত্রে এই গবেষণার ফল কাজে আসতে পারে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট গবেষকেরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় দুই কোটি শিশু উচ্চমাত্রার অপুষ্টিতে আক্রান্ত। মাঝারি মাত্রার অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা তিন কোটি। বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ৪০ শতাংশেরও বেশি শিশুর বিকাশ চরমভাবে ব্যাহত হচ্ছে।