অপুষ্টির কারণে বছরে ক্ষতি ৭ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপুষ্টির কারণে প্রতিবছর বাংলাদেশের আর্থিক ক্ষতি সাত হাজার কোটি টাকা। বাংলাদেশ সরকার ও ইউএসএআইডির যৌথ উদ্যোগে পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। ‘বাংলাদেশ প্রোফাইল এবং পুষ্টিমান নির্ণয়ক কারিগরি প্রতিবেদন’ শীর্ষক গবেষণাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক সুশীল রঞ্জন হাওলাদার এবং খাদ্য ও পুষ্টি কারিগরি সহায়তা-৩ প্রকল্পের পরামর্শক কবিতা সেতুরমণ।কবিতা সেতুরমণ বলেন, বাংলাদেশকে ধারাবাহিকভাবে প্রতিবছর পুষ্টি খাতে ৯০০ থেকে এক হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এই অর্থ স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতে বরাদ্দের ১১ শতাংশ। বাজেটের মাত্র ১১ শতাংশ পুষ্টি খাতে বিনিয়োগ করা হলে ২০২১ সাল নাগাদ অর্থনৈতিক উন্নয়নের মাত্রা ৭০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি মত প্রকাশ করেন। নতুন এ প্রতিবেদনে অর্থনৈতিক লাভ-ক্ষতির হিসাব করতে গিয়ে বেশ কিছু বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। যেমন, অপুষ্টিজনিত কারণে মৃত্যুহার, অসুস্থতা, স্কুলে উপস্থিতি ও ফলাফল এবং অর্থনৈতিক উৎপাদনশীলতা। বলা হয়েছে, অপুষ্টি সমস্যা কাটিয়ে উঠতে পারলে বেশিসংখ্যক শিশু প্রাক-প্রাথমিক শিক্ষায় সম্পৃক্ত হবে, শিশুর ঝরে পড়া কমবে, অনেক দিন ধরে শিশু স্কুল চালিয়ে যেতে পারবে এবং তাদের ফলাফল ভালো হবে। এতে করে তারা উৎপাদনশীল খাতে যুক্ত হয়ে দেশের উন্নয়ন ঘটাতে পারবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বাংলাদেশি পদ্ধতিতে অপুষ্টি রোধে কী করণীয় এবং কত টাকা প্রয়োজন, সে সম্পর্কে গবেষণা করা প্রয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ, স্বাস্থ্যসচিব মুহাম্মদ হুমায়ুন কবির, জাতীয় জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক এবং জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের লাইন ডিরেক্টর এখলাসুর রহমান, বাংলাদেশে ইউএসএআইডি মিশনের মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিন, শীর্ষস্থানীয় পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার প্রমুখ।