অপুষ্টির জন্য বাল্যবিবাহকে দায়ী করলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, ধারাবাহিক প্রচেষ্টার পরও শুধু বাল্যবিবাহ বন্ধ করতে না পারায় অপুষ্টির চক্র থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ গার্ল সামিটে’ তিনি এ কথা বলেন।
গত জুলাইয়ে লন্ডনে গার্ল সামিট অনুষ্ঠিত হওয়ার তিন মাসের মাথায় বাংলাদেশ প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করেছে। ‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাও স্বপ্ন নিয়ে’ স্লোগান সামনে রেখে সম্মেলনের আয়োজন করে ব্র্যাক। এতে সহায়তা করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডি।
ফজলে হাসান আবেদ বলেন, বাল্যবিবাহের কারণে স্বল্প ওজনের শিশুর জন্ম নেওয়া ও খর্বাকৃতির সমস্যা রোধ করা যাচ্ছে না। এ ছাড়া মেয়েদের শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সংকুচিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ ১৮ বছরের নিচে বিয়ে বন্ধ করতে সক্ষম হবে।
প্রতিমন্ত্রী সম্মেলনে উপস্থিত কিশোরী ও তরুণীদের উদ্দেশে বলেন, ‘যে নিজের ভালো না বুঝবে, তাকে কেউ অধিকার দিতে পারবে না।’
বিশেষ অতিথি ব্রিটিশ উপমন্ত্রী লিন ফিদারস্টোন বলেন, বাল্যবিবাহ বন্ধে যুক্তরাজ্য সরকার বাংলাদেশসহ ১২টি দেশকে আড়াই কোটি পাউন্ড দেবে। তিনি বলেন, ‘বাল্যবিবাহ রোধের সব কার্যক্রমের কেন্দ্রে কন্যাশিশুদের রাখতে হবে। কারণ তাদের দেহ ও জীবন আজ হুমকির মুখে।’
অনুষ্ঠানে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি হাসিনা নেওয়াজ, অতিরক্তি পুলিশ কমিশনার মিলি বিশ্বাস, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বাল্যবিবাহ রোধে প্রতিশ্রুতি দেন। এ ছাড়া সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও বাংলাদেশ উইমেন চেম্বারের চেয়ারপারসন সেলিমা মতলুবের দেওয়া লিখিত প্রতিশ্রুতি পড়ে শোনানো হয়।
অনুষ্ঠানে বাল্যবিবাহের কবল থেকে মুক্তি পাওয়া তিন কিশোরী ও বাল্যবিবাহ রোধে কাজ করা কয়েকজন কিশোর বক্তব্য দেয়।