অপুষ্টির শিকার ৫৫ লাখ শিশু অধিকারবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপুষ্টির শিকার দেশের ৫৫ লাখ শিশু অধিকার এবং সব ধরনের উন্নয়ন প্রক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছে।

গতকাল মঙ্গলবার ‘পুষ্টিবিধানের শাসন-প্রক্রিয়া’ শীর্ষক এক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেছেন। রাজধানীর গুলশানে একটি হোটেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান।

সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে খাদ্য ও পুষ্টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকারও বিষয়টিকে অগ্রাধিকারের তালিকায় রেখেছে। তবে সরকারের নানা সীমাবদ্ধতা আছে। বিভিন্ন দাতাগোষ্ঠীরও কিছু সমস্যা আছে। তিনি পুষ্টি কার্যক্রমে শিশু ও গর্ভবতী মায়েদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, পুষ্টিসচেতনতা বাড়ানো, শস্যের বহুমুখীকরণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে পুষ্টির বিষয়টিকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।

 সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্ব খাদ্য পুরস্কার বিজয়ী হাওয়ার্থ বুইস। তিনি কৃষিকে পুষ্টিসংক্রান্ত আলোচনার কেন্দ্রবিন্দু উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনসংখ্যা বাড়লেও কৃষি উৎপাদন বৃদ্ধির ফলে জনগণের খাদ্যের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। তিনি তাঁর উপস্থাপনায় উল্লেখ করেন, দেশের জনসংখ্যার ৭০ শতাংশই জিঙ্ক স্বল্পতায় ভুগছে।

আলোচনায় জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) দেশীয় প্রতিনিধি এডওয়ার্ড বিগবেদার অপুষ্টির শিকার দেশের ৫৫ লাখ শিশুকে পুষ্টি কর্মসূচির আওতায় আনা এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদকে অগ্রাধিকারের ভিত্তিতে কার্যকর করার সুপারিশ করেন।

দিনব্যাপী সেমিনারে সাংসদ ফরহাদ হোসেন, গ্লোবাল প্যানেল অন এগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেমস ফর নিউট্রিশনের পরিচালক অধ্যাপক স্যান্ডি থমাস প্রমুখ অংশ নেন। সেমিনারে চারটি গবেষণাভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করেন ইউনিসেফের অনুরাধা নারায়ণ, ব্র্যাকের মাহফুজা রিফাত, জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের মলয় কুমার মৃধা ও তানভীর হাসান এবং বিআইজিডির শাহনেওয়াজ হোসেন।