হাওরাঞ্চলের বাসিন্দারা দারিদ্র্য, অপুষ্টি, অশিক্ষা, জন্ম ও মৃত্যুহারের আধিক্য, স্বাস্থ্য-সুবিধার অভাব, উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পাওয়াসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এখানকার প্রায় ৬৩ শতাংশ লোকের খাদ্যনিরাপত্তা নেই। তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করে প্রকৃত সহায়তা পাওয়ার যোগ্য লোকদের কাছে তা পৌঁছে দেওয়া এবং তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা দরকার।গতকাল সোমবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আয়োজিত হাওরাঞ্চলের খাদ্যনিরাপত্তা নিয়ে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে ‘হাওরাঞ্চলের খাদ্যনিরাপত্তা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য মো. সালেহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ ও ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের (আইডিয়া) নির্বাহী পরিচালক নাজমুল হক। পরে সেমিনারের দ্বিতীয় ও তৃতীয় পর্বে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন শাবিপ্রবির অধ্যাপক নিয়াজ আহমেদ, অধ্যাপক মো. আবুল হোসেন, অধ্যাপক এম আবদুল গণি, অধ্যাপক মো. জাকির হোসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটি সিলেটের ফারুক মাহমুদ চৌধুরী, অধ্যাপক তুলসী কুমার দাস, অধ্যাপক জহির বিন আলম প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ এবং ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) যৌথভাবে সেমিনারের আয়োজন করে। সন্ধ্যায় আইডিয়ার চেয়ারপারসন অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস।