অপূর্ণাঙ্গ যমজের সফল অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পুরো অস্ত্রোপচারটি হাসপাতালে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়। পুরোটাই বাইরে বসে দেখেছেন শিশুটির মা।

অস্ত্রোপচার শেষে হাসপাতালে এক ব্রিফিংয়ে বিএসএমএমইউয়ের উপাচার্য কামরুল হাসান খান বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে।

অস্ত্রোপচার পরিচালনাকারী চিকিৎসক দলের নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, অস্ত্রোপচার জটিল ছিল। আড়াই ঘণ্টাব্যাপী এই অস্ত্রোপচারের মূল চ্যালেঞ্জ ছিল দুটি। কিডনি আলাদা করা ও রক্তনালির প্রবাহ ঠিক রাখা। শিশুটিকে হাসপাতালের নবজাতক বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আগামীকাল পর্যন্ত শিশুকে পর্যবেক্ষণে রাখা হবে।

আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে শিশুটিকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। ১৮ সদস্যের মেডিকেল টিম এই অস্ত্রোপচার করে। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন।

শিশু মোহাম্মদ আলীর মা হীরামনির সঙ্গে বাবা মো. জাকারিয়াও অস্ত্রোপচারের লাইভ দেখেন। মা হীরামনি প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, ছেলে ভালো হয়ে যাবে। আবার আমি আমার ছেলেকে কোলে তুলে নিতে পারব।’

লাইভ অস্ত্রোপচারটি গণমাধ্যমকর্মীদের সামনে দেখানো হয়। হাসপাতালের রোগীর স্বজন ও দর্শনার্থীরা সরাসরি এই অস্ত্রোপচার দেখার সুযোগ পান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বাগেরহাটের মো. জাকারিয়ার স্ত্রী হীরামনি গত ৭ মার্চ জোড়া লাগানো যমজ সন্তানের জন্ম দেন। এদের একটি পূর্ণাঙ্গ শিশু। তার সঙ্গে জোড়া লাগানো আছে একটি অপূর্ণাঙ্গ শিশু। তার মাথা, বুক ও দুই হাত নেই। অপূর্ণাঙ্গ শিশুটি তার অর্ধেক শরীর নিয়ে পূর্ণাঙ্গ শিশুর সঙ্গে যুক্ত।

অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের শিশুকে ‘কনজেনিটাল প্যারাসাইটিক টুইন’ বা জোড়া অপূর্ণাঙ্গ যমজ বলা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই শিশুর চিকিৎসার সব খরচ বহন করবে বলে জানিয়েছে।