অপূর্ব সাঁতার জানলে আমার বুকটা খালি হতো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপূর্বর এই ছবি এখন শুধুই স্মৃতি
অপূর্বর এই ছবি এখন শুধুই স্মৃতি
বসার ঘরে টেলিভিশনের পাশে টি-টেবিলের ওপর বিরাট সাইজের ছবি। গায়ে ঝকমকে পাঞ্জাবি। মাথায় পাগড়ি। হাত দুটি আড়াআড়ি করে বুকের ওপর রাখা। ঠিক যেন রাজপুত্র। ছবির পাশেই হেলান দিয়ে রাখা একটি ক্রিকেট ব্যাট। দেয়ালে রং-পেনসিলে আঁকা একটি ছবি। আর বুকশেলফে বিজ্ঞান, গোয়েন্দা আর রহস্য রোমাঞ্চের বই। সব ওই রাজপুত্রেরই। নাম তামজিদুল বিশ্বাস। ডাকনাম অপূর্ব। এখন শত ডাকেও আর সাড়া দেবে না অপূর্ব। ২০১২ সালের ২৯ অক্টোবর পানিতে ডুবে মারা গেছে সে। প্রায় সাত মাস আগের ঘটনা। তবু তার বাবা ভাবেন, ঘটনা সত্যি নয়। মাকে দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় সেদিনের ঘটনা। দুঃখগাথা শুনতে ১৭ মে হাজির হয়েছিলাম ওদের নিউ ইস্কাটনের বাসায়। বাসায় ছিলেন তামজিদুলের বাবা কামরুল বিশ্বাস, মা শেওলা আহমেদ ও সাত বছর বয়সী যমজ ছোট দুই বোন আদৃতা ও অর্পিতা।ঘটনাটা কীভাবে ঘটেছিল, জিজ্ঞেস করতেই শেওলা আহমেদ দুঃসহ সেই অতীত থেকে তুলে আনেন বেদনার স্মৃতি। তিনি বলেন, ‘দিনটি ছিল কোরবানি ঈদের তৃতীয় দিন। ঈদের ছুটিতে আমরা নারায়ণগঞ্জে বেড়াতে গিয়েছিলাম। আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জের সৈয়দপুরে। শ্বশুরবাড়ি বাংলাবাজারে। শ্বশুরবাড়িতে ঈদের দিনটা কাটিয়ে সন্ধ্যায় বাবার বাড়িতে চলে যাই। এরই মধ্যে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন।

‘আমার মা ক্যানসারের রোগী। কেমোথেরাপি দিতে সেদিনই তাঁকে নিয়ে আমি আর আমার স্বামী ঢাকায় চলে আসি। মাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করি। আর অপূর্বকে বাবার বাসায়ই রেখে আসি।’

এরপর তিনি অনেকক্ষণ কোনো কথা বলতে পারেন না। তাঁকে সাহায্যে এগিয়ে এলেন স্বামী কামরুল বিশ্বাস। এবার তিনি বলেন, ‘দুপুরে আমি হাসপাতালেই ছিলাম। হঠাৎ শাশুড়ির কাছে একটা ফোন এল। ফোনটা রিসিভ করে খানিকক্ষণ পর তিনি চিৎকার করে উঠলেন। তাঁর কাছ থেকে ফোনটা নিয়ে কানে দিয়ে শুনি, ওপাশ থেকে আমার শ্যালক মাসুদ বলছে, “ সত্যি অপূর্ব পানিতে পড়েছে। মারা গেছে।” কথাটা শুনে বিশ্বাস হচ্ছিল না। সঙ্গে সঙ্গে বন্ধুদের ফোন করলাম। খোঁজ নিতে বললাম। খানিক পর আবার ওদের ফোন করলে ওরা কেউই আমার ফোন রিসিভ করছিল না। ঘণ্টা খানেকের মধ্যেই স্ত্রীকে নিয়ে রওনা দিলাম নারায়ণগঞ্জে। যখন পথে ছিলাম, তখনই সবাই আমাদের বলল হাসপাতাল থেকে ওকে বাংলাবাজারে ওর দাদার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেন সেখানে চলে যাই।’

এবার মা শেওলা আহমেদ স্বামীকে থামিয়ে নিজেই বলেন, ‘যখন বাড়ির কাছাকাছি গেলাম, শুনলাম মাইকিং হচ্ছে। তামজিদুল বিশ্বাসের জানাজা মাগরিবের নামাজের পর। বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল, অন্য কারও নাম বলছে। খানিক পরে দেখলাম, একটা অ্যাম্বুলেন্স বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বাসায় গিয়ে দেখলাম, আমার বাবুকে মাটিতে শুইয়ে রেখেছে। আর কিছু মনে নেই।’ বাঁধভাঙা জোয়ারের জল এবার গড়াতে থাকে দুঃখী মায়ের চোখ দিয়ে। বাবাও মুখ ঢেকে কাঁদছেন।

খানিক পর শেওলা আহমেদ আবার বলেন, ‘পরে শুনেছি ঘটনাটা। আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে। সেখানে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়েছিলঅপূর্ব। শুনেই ভীষণ আশ্চর্য হয়েছি। কারণ, ও পানি ভীষণ ভয় পেত। ওকে জোর করেও পানিতে নামানো যেত না।বাড়ির ছাদে ওর জন্য একটা বাথটাব বানিয়েছিলেন বাবা। সেখানে গোসল না করে কেন পুকুরে গিয়েছিল, বুঝতে পারি না। আর বড়দের মধ্যে কেউই ওকে সে সময় পুকুরে নামতে দেখেনি। তাই ছোটদের কথাই ভরসা।’

এবার প্রশ্ন করি, সাঁতার শেখানোর কোনো ব্যবস্থা করেননি?

‘না, তেমন করে হয়ে ওঠেনি। বাড়িতে যে কয়েক দিনের জন্য যেতাম, ওর বাবা শেখানোর চেষ্টা করতেন। কিন্তু ঢাকায় এলেই সব ভুলে যেত। আর ঢাকায় তো শিশুদের সাঁতার শেখানোর সুযোগ খুব কম। এখন ভাবি, আমার ছেলেটা যদি সাঁতার জানত, তাহলে আমার বুকটা তো আর খালি হতো না।’

অপূর্ব বিয়াম ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ত। বয়স হয়েছিল ১২ বছর। পড়ালেখার পাশাপাশি সে সংস্কৃতিচর্চাও করত। তবলা বাজানো শিখছিল। ক্রান্তি খেলাঘর আসরের সদস্য ছিল সে। কবিতা আর গল্প লিখত। আর ভালোবাসত ক্রিকেট খেলতে। নিয়ম করে ডায়েরি লিখত। সেখানে ওর খরচের হিসাব, মনের কথা লিখে রাখত।

ডায়েরিটা এনে দিলেন বাবা। ডায়েরির একটা পৃষ্ঠায় চোখ আটকে গেল। গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ কীভাবে জিতল, সেটার বর্ণনা। প্রকৃতপক্ষে, গত বছর এশিয়া কাপে জিততে জিততে হেরে গিয়েছিল বাংলাদেশ। অপূর্বর তাতে খুব অভিমান হয়েছিল। তাই ডায়েরির পাতায় নিজের কল্পনার রঙে রাঙিয়ে সেই খেলায় সাকিবদের জিতিয়ে দিয়েছিল । শেষ লাইন কটি এ রকম—এবার সাকিব ১০ নম্বর ওভারে এল। প্রথম বল মারল, বল উড়ল আকাশে। উইকেট পড়ল। বাংলাদেশ জিতল। ‘তাক ধিনাধিন হয়ে যাক, বল আকাশে উড়ে যাক, জয় হবে আমাদের, যাও এগিয়ে বাংলাদেশ।’

এত স্মৃতি কেমন করে ভুলবেন বাবা-মা। তাঁরা ভুলতে পারেন না। শেওলা আহমেদ বলেন, ‘এখনো আমি বিশ্বাস করতে পারি না। মনে হয়, বাসাতেই কোথাও আছে। হয়তো পড়ার টেবিলে বসে পড়ছে। ডোরবেল বাজলে মনে হয় অপূর্ব এসেছে। ডাইনিং টেবিলে এখনো ওর চেয়ারটা খালি থাকে।

‘ওর স্কুলে টিফিনের সময় যাই। মাঠে দেখি বাচ্চারা খেলছে। আমি সেখানে আমার বাবুকেও দেখতে পাই। মনে হয়, একটু পরই ও আমার কাছে ছুটে আসবে। ওর বন্ধুদের কাছ থেকে ওর কথা জানতে ভালো লাগে। আগে বাবার বাড়িতে প্রায়ই যাওয়া হতো। এখন আর যেতে পারি না। ভয় লাগে। মনে হয়, সেই পুকুরটা আমায় ডাকছে।’ বলতে বলতে দুই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অঝোরে কাঁদছে ক্লান্ত চোখ দুটো। আর্দ্র গলায় বলেন, ‘অপূর্ব পোলাও খেতে ভীষণ ভালোবাসত। আমরা এখন আর পোলাও খেতে পারি না। বাবু খায় না। আমরা কেমন করে খাই, বলুন! ২৫ মে ওর জন্মদিন। এই প্রথম ওর জন্মদিনে ও থাকবে না। ও মানুষের জন্য কিছু করতে চাইত। তাই ওর কথা মনে করে আজ আমি রক্ত দিয়ে এলাম।’

অনেকক্ষণ পর আবারও কামরুল বিশ্বাস কথা বলেন, ‘এখন আসলে দিন গোনাটাই আমার কাজ। ২৪ ঘণ্টা পার হয়ে মনে হয় আজ এই একটা দিন পার হলো। খুব দম বন্ধ লাগে। মনে হয়, এই দিন গোনা আমার আর কোনো দিন শেষ হবে না।’

সত্যিই এই বেদনাভরা গল্পের কোনো শেষ নেই। তাই যখন-তখন দুই বোন বায়না ধরে, ভাইয়ার গল্প শুনবে বলে। আর ওদের মা চাঁদের বুড়ির মতো, দুঃখিনী এক মা আর তাঁর রাজপুত্রের গল্প শোনান!