অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির দাবিতে ছাত্রীদের বিক্ষোভ
অপেক্ষমাণ তালিকা থেকে উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে ভর্তির দাবিতে গতকাল সোমবার বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে বিক্ষোভ হয়েছে। এ সময় ভর্তি-ইচ্ছুক ছাত্রীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে আশ্বাস পেয়ে তারা কর্মসূচি প্রত্যাহার করে।
ভর্তি-ইচ্ছুক ছাত্রী মোছাম্মৎ আসমা আক্তার জানায়, সরকারি ঘোষণা অনুযায়ী সে মানবিক বিভাগে ভর্তির আবেদন করে। বীরগঞ্জ মহিলা কলেজে অপেক্ষমাণ তালিকায় তার নাম আসে। সে তালিকা অনুযায়ী শেষ সময় ২৫ জুন ভর্তির জন্য যোগাযোগ করলে কলেজ কর্তৃপক্ষ ঈদের পর ভর্তি করা হবে বলে জানায়। ছুটির পর যোগাযোগ করলেও সে ভর্তি হতে পারেনি।
একই অভিযোগ করে আরেক ছাত্রী সাথী আক্তার। সে জানায়, ১৫০ জন ছাত্রীর নাম অপেক্ষমাণ তালিকায় আছে। অজ্ঞাত কারণে তারা ভর্তি হতে পারছে না। পড়ালেখা করার সুযোগ দেওয়ার দাবিতে তারা সবাই আন্দোলনে নেমেছে।
বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বেলা দুইটার দিকে ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী কলেজটিতে কলা, বাণিজ্য ও বিজ্ঞান শাখায় ১৫০টি করে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এ তালিকা অনুযায়ী কলা বিভাগে ভর্তি হয়েছে ১৫০ জন শিক্ষার্থী, বাণিজ্য বিভাগে ৬৮ জন এবং বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে ২৬ জন। এদিকে ভর্তির ফলাফল ঘোষণার সময় এ কলেজে কলা শাখা অপেক্ষমাণ তালিকায় ৫০৩টি আসন রাখা হয়। কিন্তু পরবর্তী সময়ে কলা শাখায় আমাদের মাত্র ১০টি আসন বরাদ্দ দেওয়া হয়। কলেজের পক্ষ থেকে অন্যান্য শাখার শূন্য আসনগুলো কলা শাখায় স্থানান্তরের জন্য শিক্ষা বোর্ডের কাছে আবেদন করা হয়েছে।’