ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ ছাড়া বিশেষ কোটায় আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। গতকাল বৃহস্পতিবার জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক সাক্ষাৎকার ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। নিজ নিজ ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অপেক্ষমাণ তালিকা থেকে সাক্ষাৎকার নেওয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ ফেব্রুয়ারি সকাল নয়টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ডিন অফিসের সভাকক্ষে বিশেষ কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের নামের তালিকার আইডি নম্বর-সংবলিত সনদ ও ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট মূল কাগজপত্র নিয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে।