অপেক্ষমাণ রায়ের তালিকায় যোগ হলেন কায়সারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়ের অপেক্ষায় থাকা একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার তালিকা আরও দীর্ঘ হলো। রায় অপেক্ষমাণ থাকা পাঁচটি মামলার সঙ্গে গতকাল বুধবার যুক্ত হয়েছে সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মামলার রায়। গতকাল এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এ নিয়ে ট্রাইব্যুনাল-১-এ তিনটি এবং ট্রাইব্যুনাল-২-এ দুটি মামলার রায় অপেক্ষমাণ থাকল। আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছে একটি মামলা।
বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল আসামিপক্ষের যুক্তি খণ্ডন শেষ করে রাষ্ট্রপক্ষ। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। যুক্তি খণ্ডন শেষে ট্রাইব্যুনাল দুই পক্ষকেই ধন্যবাদ দিয়ে বলেন, পূর্ণাঙ্গ রায় প্রস্তুত হলে যেকোনো দিন তা ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল এ সময় কায়সারের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর এবং তাঁর স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
গতকালের কার্যক্রমে প্রথমে আসামিপক্ষের আইনগত যুক্তি খণ্ডন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে কায়সার বাহিনী ছিল পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী এবং ওই বাহিনী স্থানীয় মিলিশিয়ার ভূমিকা পালন করেছে। কায়সার বাহিনীর সদস্যদের বিশেষ পোশাক ছিল, তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত এবং কায়সারের অধীন ছিল।
পরে মামলার সমাপনী যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। তিনি কায়সারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি অপরাধের শিকার ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন। তিনি বলেন, একাত্তরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে কায়সার যে অপরাধ সংঘটিত করেছিলেন, তা তিনি সচেতনভাবে ও সুপরিকল্পিতভাবে করেছিলেন। বিচার শুরুর প্রথম দিকে তিনি ট্রাইব্যুনালে হেঁটে হেঁটে আসতেন। পরে হুইলচেয়ারে আসা শুরু করলেন। এরপর দেখা গেল, এজলাসে তাঁর হাত কাঁপে, কিন্তু এজলাসের বাইরে গেলেই তাঁর হাত কাঁপা বন্ধ হয়ে যায়।
গত ২ ফেব্রুয়ারি ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে ৭৩ বছর বয়সী কায়সারের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছিল। অভিযোগ গঠনের আদেশ অনুসারে, মুক্তিযুদ্ধকালে কায়সারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ একটি। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ ১৩টি এবং ধর্ষণের অভিযোগ দুটি। ৯ মার্চ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত চলে। রাষ্ট্রপক্ষে ৩২ জন সাক্ষ্য দেন, তাঁদের মধ্যে এক যুদ্ধশিশু প্রথমবারের মতো ক্যামেরা ট্রায়ালে (সাক্ষীর পরিচয় গোপন করে রুদ্ধদ্বার বিচার) সাক্ষ্য দেন।
অভিযোগ গঠনের আদেশ অনুসারে, কায়সার ১৯৬২ সালে কনভেনশন মুসলিম লীগে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন। মুক্তিযুদ্ধকালে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থানীয় মুক্তিযুদ্ধবিরোধীদের নিয়ে তিনি ‘কায়সার বাহিনী’ গঠন করেন এবং পাকিস্তানি সেনাদের সঙ্গে নৃশংসতায় অংশ নেন। তবে ১৬ ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে তিনি যুক্তরাজ্যে পালিয়ে যান। ১৯৭৮ সালে দেশে ফেরার পর তিনি প্রথমে বিএনপি এবং পরে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৮৬ ও ১৯৮৮-এর জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাংসদ হন এবং এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
গত বছরের ২১ মে আইনশৃঙ্খলা বাহিনী কায়সারকে গ্রেপ্তার করলে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান। তবে শারীরিক কারণে গত বছরের ৫ আগস্ট তাঁর জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এর পর থেকে গতকাল পর্যন্ত তিনি জামিনে ছিলেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা আবদুল আলীমও শারীরিক কারণে বিচার চলাকালে জামিন পেয়েছিলেন।
রায়ের অপেক্ষায় ছয় মামলা: কায়সারের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হওয়ার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল-২-এ আরেকটি মামলা রায়ের অপেক্ষায় থাকল। এর আগে গত ৪ মে এই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়। ওই রায় এখনো ঘোষণা হয়নি।
তবে সবচেয়ে বেশি দিন ধরে রায়ের অপেক্ষায় রয়েছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলাটি। ট্রাইব্যুনাল-১-এ গত নয় মাসে তিন দফায় এ মামলার রায় অপেক্ষমাণ রাখা হয়েছে। সর্বশেষ গত ২৪ জুন রায় ঘোষণার দিন ধার্য করলেও নিজামীর হঠাৎ অসুস্থতায় রায় আবারও অপেক্ষমাণ রাখা হয়। এরপর নিজামী সুস্থ হয়ে উঠেছেন। ওই রায় এখনো ঘোষণা হয়নি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে রায় ঘোষণার দিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে লিখিত পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি দেওয়ার বাধ্যবাধকতা আছে। তাই রায় অপেক্ষমাণ রাখা হয়, যাতে পূর্ণাঙ্গ রায় প্রস্তুত করে ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করতে পারেন। সে হিসেবে নিজামীর রায় প্রস্তুত করার পরই ট্রাইব্যুনাল-১ রায়ের দিন ধার্য করেছিলেন। ৩ জুলাই নিজামীর সুস্থতার প্রতিবেদন ট্রাইব্যুনালে গেছে। এর পরও প্রস্তুত হয়ে থাকা রায় কেন ঘোষণা করা হচ্ছে না, তা এক বড় প্রশ্ন।
ট্রাইব্যুনাল-১-এ আরও দুটি মামলা রায়ের অপেক্ষায় আছে। এর মধ্যে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা পলাতক এম এ জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হয়েছে প্রায় চার মাস আগে। আর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা আড়াই মাস ধরে রায়ের অপেক্ষায় আছে।
অপেক্ষমাণ আছে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার চূড়ান্ত রায়ও। আপিল বিভাগে চার মাস ধরে এ মামলার চূড়ান্ত রায় অপেক্ষমাণ রয়েছে। গত ১৬ এপ্রিল সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়। বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অন্তত চলতি মাসে এ রায় ঘোষণার সম্ভাবনা নেই। কারণ, ৩১ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ চলবে।