অপেক্ষা এখন ৮ নভেম্বরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু রাজন হত্যা
শিশু রাজন হত্যা

সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার আলোচিত মামলার রায় ঘোষণা হবে আগামী ৮ নভেম্বর। গতকাল মঙ্গলবার দুপুরে মামলার সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা রায় ঘোষণার তারিখ ধার্য করেন। আদালতের মোট ১৪ কার্যদিবসে বিচার-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
রায়ের তারিখ ধার্য হওয়ার প্রতিক্রিয়ায় রাজনের বাবা প্রথম আলোকে বলেন, ‘আমি এ ঘটনার বিচার দ্রুত চেয়েছিলাম। পলাতক কামরুলকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলাম। দুটি দাবি পূরণ হলো। ছেলেকে তো ফিরে পাব না, তাই খুনিদের সর্বোচ্চ শাস্তিই আমাদের একমাত্র সান্ত্বনা।’
গতকাল সর্বশেষ পর্যায়ে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় দুপুর ১২টায়। আদালতে রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি মিসবাহউদ্দিন সিরাজ, মফুর আলী, রাজনের পরিবারের নিয়োগ করা আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও মাশরুর চৌধুরী যুক্তিতর্কে অংশ নেন। প্রধান আসামি কামরুল ইসলামের পক্ষে আলী হায়দার ফারুক, পলাতক দুই আসামি শামীম আহমদ ও জাকির ওরফে পাবেল ওরফে রাজু মিয়ার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শাহ আলম মহিউদ্দিন যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেন।
এমাদ উল্লাহ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আসামিপক্ষের এই দুই আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপনের পর প্রশ্ন থাকলে বাদীপক্ষে সুযোগ থাকে আইনগত জবাব দেওয়ার। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীসহ আমরা রাজনের পরিবারের পক্ষ থেকে আইনগত জবাব দেওয়ার পর যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত ঘোষণা করেন আদালত। পরে ৮ নভেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য করেন।’
গত ৮ জুলাই আলোচিত এই হত্যাকাণ্ডের পর দাবি উঠেছিল দ্রুত বিচারের। ঘটনার এক মাস আট দিনের মাথায় ১৬ আগস্ট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৭ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য মুখ্য হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়। ২২ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠনের পর ১ অক্টোবর থেকে টানা নয় কার্যদিবসে সাক্ষ্য গ্রহণ হয়।
ঘটনার পরপরই পালিয়ে সৌদি আরবে চলে যাওয়া মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হয় ১৫ অক্টোবর। তাঁর উপস্থিতিতে মামলার গুরুত্বপূর্ণ ১১ সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ শেষে গত রোববার থেকে টানা তিন দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত গতকাল রায়ের তারিখ ধার্য করেন।
সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘শুধু বিচারকার্য নয়, আলোচিত এ ঘটনার তদন্তও দ্রুততম সময়ে সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। আমরা এখন অপরাধীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছি।’
গত ৮ জুলাই চুরির অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডসংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু সামিউল আলম রাজনকে। লাশ গুম করার চেষ্টার সময় ধরা পড়েন একজন। নির্যাতন করার সময় নির্যাতনকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিতে ভিডিওচিত্র ধারণ করেছিলেন।
এ সময় পুলিশের বিরুদ্ধে আসামিদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ উঠেছিল। পুলিশের গাফিলতির অভিযোগে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, এসআই জাকির হোসেন ও জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনকে ২৫ জুলাই সাময়িক বরখাস্ত করা হয়।
কাঁদলেন রাজনের বাবা: মামলার বিচারকার্য শুরু হওয়ার পর থেকে প্রতিটি কার্যদিবসে সপরিবারে উপস্থিত ছিলেন রাজনের বাবা মাইক্রোবাসচালক শেখ আজিজুর রহমান। গতকাল যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনও তিনি আদালত এলাকায় ছিলেন। রায় ঘোষণার তারিখ ধার্য হবে—এ খবর নিতে মহানগর দায়রা জজ আদালতের বারান্দায় অবস্থান করছিলেন। বেলা দেড়টার দিকে আইনজীবীদের মাধ্যমে রায় ঘোষণার তারিখ শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন। রাজনের বাবাকে তখন স্বজনসহ আইনজীবীরা সান্ত্বনা দেন।