
‘কখন ট্রেন আসবে? আর কতক্ষণ? এই বাসাটা ভালো না।’ পাঁচ বছরের শিশু নিলয়ের কাছে রাজধানীর কমলাপুর স্টেশন-ট্রেন বাসা। ট্রেনের জন্য ৯ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে বিরক্ত নিলয় এই কথাগুলো বলল।
নিলয়ের নানা সফিকুর রহমান প্রবোধ দিয়ে বলছিলেন, ‘এক্ষুনি ট্রেন এসে যাবে। আর একটু কষ্ট কর।’ নিলয় বলল, ‘তুমি তো অনেকক্ষণ ধরে বলছ, এক্ষুনি এসে যাবে, কোথায়, আসছে না তো? তুমি না আমাকে বলেছ, মিথ্যা বলতে হয় না। তুমি তো মিথ্যা বলছ।’
নাতির এ কথায় চুপ করে গেলেন সফিকুর রহমান। নিলয়ের মা ধমক দিয়ে শান্ত করলেন ছেলেকে।
গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে শোনা যায় নানা-নাতির এই কথোপকথন। খুলনাগামী আন্তনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে তাদের খুলনা যাওয়ার কথা। ট্রেনটি ছাড়ার কথা সকাল সাড়ে ছয়টায়। সফিকুর রহমান রামপুরা থেকে মেয়ে ও নাতিকে নিয়ে স্টেশনে এসেছেন সকাল পৌনে ছয়টায়। এসে জানলেন, বেলা ১টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে। অবরোধে পথে সমস্যা হবে ভেবে প্ল্যাটফর্মেই বসে থাকলেন। অপেক্ষায় রইলেন ট্রেনের। বসে থেকে বিরক্ত নাতিকে শান্ত রাখতে দিচ্ছেন নানা প্রবোধ।
দুপুর সাড়ে ১২টায় জানলেন, ট্রেনের কিছু বিলম্ব হবে। বেলা তিনটায় জানলেন, রাত দুইটার দিকে ট্রেনটি আসতে পারে। এ খবরে তাঁরা রামপুরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ট্রেনে চড়া হবে না, বাড়ি যাওয়া হবে না—এই দুঃখে নিলয় তখন কাঁদছিল।
বাসায় যাওয়ার আগে সফিকুর রহমান প্রথম আলোকে বললেন, অবরোধ কর্মসূচি শুরুর আগে ঢাকা এসেছিলেন ছেলের অসুস্থতার খবরে। এসে আটকে গেছেন।
কমলাপুর স্টেশনে এখন ট্রেনের অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা হাজার হাজার। সকাল, দুপুর, রাত—২৪ ঘণ্টাই বাড়ি ফেরার অপেক্ষায় থাকা মানুষ গিজগিজ করছে। কিন্তু ট্রেন আসছে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা বিলম্বে। এই বিলম্ব সর্বনিম্ন ৪ ঘণ্টা থেকে ৩৫ ঘণ্টার বেশি। ফলে ট্রেনের অপেক্ষায় থাকা মানুষের দুর্ভোগের শেষ নেই। অবরোধের কারণে দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ থাকায় মানুষের ট্রেন-নির্ভরতা বেড়েছে।
বেলা পৌনে দুইটার দিকে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেল, প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় অসংখ্য মানুষ। টিকিট কাউন্টারের সামনে, বিশ্রামাগারে, স্টেশন ব্যবস্থাপক, স্টেশনমাস্টারের কক্ষের সামনে—সবখানে মানুষ। প্ল্যাটফর্মে নারী, পুরুষ যে যেখানে পারছেন, বসে গেছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন ট্রেনের জন্য। কেউ কেউ ঘুমিয়ে পড়েছেন। পাশে আছেন পরিবারের লোকজন। একটাই সান্ত্বনা, যত দেরি হোক ট্রেন আসবে।
স্টেশনমাস্টার নৃপেন্দ্র সাহা বললেন, ‘সোমবার বলেছিলাম অনেক ট্রেন ২৪ ঘণ্টাও লেট (বিলম্ব)। আজ (মঙ্গলবার) বলতে পারি, ৩০ ঘণ্টা, ৩৫ ঘণ্টা লেট। এককথায় লিখে দিন। ক্ষমা করবেন, আর কথা বলতে পারছি না।’
সন্ধ্যা সাতটার দিকে খোঁজ নিয়ে আন্তনগর ট্রেনগুলোর যে হিসাব পাওয়া গেল, তা হচ্ছে আগের দিন নাম ‘দ্রুতযান’ হলেও সোমবারের দিনাজপুরগামী দ্রুতযান—এর বিলম্ব ৩০ ঘণ্টার বেশি। ঢাকা থেকে ছাড়ার কথা ছিল সোমবার সন্ধ্যা ছয়টায়। গতকাল সন্ধ্যা সাতটায় জানা গেছে, ট্রেনটি ঢাকার পথে আছে, ঢাকা থেকে ছাড়তে রাত ১২টাও বাজতে পারে। রংপুরগামী রংপুর এক্সপ্রেস ২৪ ঘণ্টার বেশি পরে ছেড়েছে। সোমবার সকালের লালমনি (লালমনিরহাটগামী) গতকাল সন্ধ্যায়ও আসেনি। রাজশাহীগামী সিল্কসিটির বিলম্ব ২৪ ঘণ্টার বেশি। মহানগর গোধূলী গতকাল ঢাকায় আসেনি। তাই ওই ট্রেনের তূর্ণা-নিশীথা নাম নিয়ে ঢাকা থেকে ছাড়েনি। সিলেটগামী পারাবতের সাপ্তাহিক বন্ধ ছিল গতকাল। স্টেশনমাস্টার বললেন, খোলা থাকলেও কোনো উপকারে আসত না।
অভিযোগ পাওয়া গেল, মানুষের চাপ বেড়ে যাওয়ায় স্টেশনের খাবারের দোকানগুলো যথেচ্ছ দাম নিচ্ছে। শৌচাগারে যাওয়ার উপায় নেই। দীর্ঘ সারি। রেলওয়ের বয়োজ্যেষ্ঠ কর্মচারী ঈমান আলী বললেন, রাতে পুরুষদের কেউ কেউ রেললাইনের ধারে কাজটি সারেন। মহিলাদের যত সমস্যা।
আরও নানা দুর্ভোগ অপেক্ষমাণ যাত্রীদের। বেলা তখন তিনটা। প্ল্যাটফর্মে বসার জায়গা না পেয়ে অনেকে বসেছেন প্ল্যাটফর্মে প্রবেশপথের পাশে। সেখানে হবিগঞ্জের যাত্রী আবদুস সামাদ বললেন, জয়ন্তিকা ট্রেনের জন্য অপেক্ষা করছেন। যদি পাওয়া যায়। মা অসুস্থ। বাসে যাওয়ার জন্য সায়েদাবাদ গিয়েছিলেন, কাউন্টারে লোক নেই। একজন কর্মচারী বলেছেন, আগুনে পোড়ার ইচ্ছা থাকলে বাস খুঁজতে।
চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হয়েছে শেখেরটেকের নূরুল আমীনের। বললেন, ছোট চাকরি, তবু চাকরি তো। অনেক ঘুরে, কষ্ট করে পেয়েছেন। ১৫ জানুয়ারির মধ্যে যোগ দিতে হবে। তাই ট্রেনের অপেক্ষায় স্টেশনে আরও সময় বসে থাকতে হলেও তাঁর কষ্ট নেই। তবু যদি সময়মতো যেতে পারেন!