অপেক্ষা ফুরায় না শিউলি বেগমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুই ক্যা (কেন) মোরে দ্যাখতে আইছিলি। আমার অসুখ ভালো হইয়া গেছে। তুই তোর পোলা লইয়া কই গেলি’—এমন আহাজারি করতে করতে মূর্ছা যান শিউলি বেগম। পাশে বসা আরও দুই নারী তখন বিলাপ করছিলেন।
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ হামিদা বেগম (৪০) ও তাঁর ছেলে দিদারের (১০) জন্য এই আহাজারি শিউলি বেগমের। হামিদার খালা শিউলি বেগম। গতকাল বৃহস্পতিবার ওই দুজনের জন্য নদীর পাড়ে তাঁর আহাজারি অনেকের চোখ ভিজিয়ে দেয়।
জানা গেল, অসুস্থ খালা শিউলিকে দেখতে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের খলিল হাওলাদারের স্ত্রী হামিদা ছেলেকে নিয়ে গত মঙ্গলবার এসেছিলেন বানারীপাড়ায়। তাঁকে দেখে বুধবার বাড়ি ফিরছিলেন ট্রলার ঐশী প্লাসের যাত্রী হয়ে। ট্রলারটি ডুবে যাওয়ার পর থেকে হামিদা ও তাঁর ছেলের খোঁজ নেই। হামিদাদের ট্রলারডুবি হয়েছে শুনে উতলা হয়ে ওঠেন শিউলি। অন্য বোনের মেয়েদের সহায়তায় নদীপাড়ের দাসেরহাট এলাকায় ছুটে আসেন। গতকাল সকালে নদী থেকে ট্রলারটি উদ্ধার করার পরও তাঁদের সন্ধান মেলেনি।
দিদার ও হামিদার খোঁজে নদীর পাড়ে অপেক্ষায় থাকা শিউলি বেগম বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছিলেন। কখনো বা হয়ে পড়ছিলেন নির্বাক। নদীর দিকে আঙুল তুলে কী যেন দেখান। তাঁর মতো নদীর পাড়ে গতকাল অপেক্ষায় ছিলেন নিখোঁজ আরও ছয় ট্রলারযাত্রীর উৎকণ্ঠিত স্বজনেরা।
সকাল সাড়ে আটটায় ট্রলারটি উদ্ধারের কিছু পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। কিন্তু শিউলি বেগমের অপেক্ষা ফুরায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও সন্ধ্যা নদীর তীরে কাদামাটিতে বসে বিলাপ করছিলেন তিনি।
নিখোঁজ হামিদা বেগমের বড় বোন হাসিনা বেগম ও মুকুল বেগমও ছিলেন শিউলি বেগমের সঙ্গে। তাঁরাও আহাজারি করছিলেন। এক ফাঁকে দুই বোন বললেন, খালা অসুস্থ শুনে হামিদাসহ তাঁরাও খালাবাড়িতে আসেন। হামিদা বাড়িতে দুই মেয়েকে রেখে আসেন। তাই আসার পরদিনই বাড়ি যাওয়ার জন্য তিনি বানারীপাড়া থেকে ট্রলারে ওঠেন। আর তাঁরা খালার বাড়িতে থেকে যান। বুধবার দুপুরে জানতে পারেন, হামিদা যে ট্রলারে উঠেছেন সেটি ডুবে গেছে। এরপরই খালাকে নিয়ে ছুটে আসেন। কিন্তু দুদিনেও সন্ধান পাননি।