সকাল থেকে উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজ প্রাঙ্গণে আসতে শুরু করেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। প্রখর রোদ আর গরম উপেক্ষা করে ছুটে আসছিলেন তাঁরা। কারণ, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ। কলেজ ক্যাম্পাসের ছায়াযুক্ত জায়গায় ছোট ছোট দলে উদ্বিগ্ন চেহারায় অপেক্ষা করছিলেন তাঁরা। ব্যান্ড পার্টির সদস্যরাও বসে ছিলেন অলস ভঙ্গিতে।
দুপুর ১২টা বাজতেই গাছের ছায়ার জটলাগুলো থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসতে থাকল উল্লাসধ্বনি। কারণ, মুঠোফোনে খুদে বার্তায় অনেকে ফলাফল জেনে গেছে। ধীরে বাড়তে থাকে উল্লাসধ্বনি। শুরু হয় শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি, অভিনন্দন। একপর্যায়ে বোর্ডে ফলাফল টানানোর আগেই প্রখর রোদ উপেক্ষা করে শিক্ষার্থীরা নেমে পড়ে মাঠে। বাদ্য-বাজনার তালে তালে শুরু হয় নাচানাচি, উদ্যাপন।
গতকাল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন এমন দৃশ্য ছিল রাজউক উত্তরা মডেল কলেজের আঙিনার।
মুঠোফোনের খুদে বার্তায় ফলাফল জেনেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব। জিপিএ-৫ পেয়েছে সে। উচ্ছ্বসিত রাকিব বলল, ‘অনেক ভালো লাগছে। অনেক পরিশ্রম করেছি। আমার ভালো ফল করার পেছনে মা-বাবা, শিক্ষক, বন্ধু, সহপাঠী, বড় ভাইয়া, আপু সবার অবদান ছিল। সবাই সাহায্য করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছে কলেজের একাধিক শিক্ষার্থী। একজন বলল, ‘আমরা পরিশ্রম করেছি, আর আমাদের শিক্ষকেরা সাহায্য করেছেন। সঠিকভাবে আমাদের দিকনির্দেশনা দিয়ে ভালো ফল করতে উৎসাহ দিয়েছেন।’
জিপিএ-৫ পাওয়া বিজ্ঞান বিভাগের এক ছাত্রী বলল, ‘আমাদের শিক্ষকেরা অনেক অভিজ্ঞ ও আন্তরিক। তারা অনেক যত্মসহকারে আমাদের পড়িয়েছেন। যার ফলে আমরা ভালো ফলাফল করেছি।’
মেয়ের সঙ্গে ফলাফল জানতে আসা লুৎফুন্নাহার চৌধুরী বলেন, তাঁর মেয়ে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে। মেয়ের এই সাফল্যের পেছনে শিক্ষকেরা অসাধারণ ভূমিকা পালন করেছেন।
এবার এসএসসি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ৫৬৫ জন জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় অংশ নিয়েছে ৬২৫ জন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, তাদের কলেজ থেকে এসএসসিতে গত বছর জিপিএ-৫ পাওয়ার হার ছিল ৯২ দশমিক ৪৬ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৪০ শতাংশে।
কলেজের বিজ্ঞান বিভাগে ৫৬২ জনের মধ্যে ৫২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন।
ধারাবাহিকভাবে কলেজের ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীদের মূল কৃতিত্ব দিয়ে কলেজের অধ্যক্ষ এম এ সালেহীন বলেন, ‘ভালো ফলাফলের মূল কৃতিত্ব শিক্ষার্থীদের। মূল পরিশ্রমটা তারাই করে। তবে আমাদের শিক্ষকেরা ভালো। তা ছাড়া ভালো ফল করা এখন আমাদের ঐতিহ্য।’