অপেক্ষার পালা শেষ, আজ শুরু বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষার পালা শেষ। আজ শনিবার থেকে নীরব বাংলা একাডেমি প্রাঙ্গণ সরব হয়ে উঠবে বইপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে। সেই প্রাণস্পন্দন ছড়িয়ে পড়বে নতুন আঙ্গিকে সাজানো মেলার সম্প্রসারিত স্থান সোহ্রাওয়ার্দী উদ্যানেও।
আজ বিকেলে অমর একুশের ভাষাশহীদদের স্মরণে আয়োজিত বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলা উৎসর্গ করা হচ্ছে ভাষাসৈনিক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে।
এদিকে, অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
প্রচলিত রীতি অনুযায়ী উদ্বোধনের আগের দিন, অর্থাৎ গতকাল মেলার সার্বিক বিষয় সংবাদমাধ্যমকে অবহিত করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এ সময় জানানো হয়, আজ বেলা তিনটায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। সরকারি ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে শুরু হবে মেলা। তবে একুশে ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল আটটা থেকে।
একাডেমি সূত্রে জানানো হয়েছে, গ্রন্থমেলায় মোট ২৯৯টি প্রতিষ্ঠানকে ৫৩৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মেলার সোহ্রাওয়ার্দী উদ্যানের অংশেই রয়েছে মূলধারার প্রকাশনা সংস্থাগুলো। উদ্যানে ২৩২টি প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য ৪৩২টি ইউনিট বরাদ্দ করা হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ২৪টি শিশু-কিশোরদের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠানকে ৩৩টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন সরকারি সংস্থা, গণমাধ্যমসহ ৪৩টি প্রতিষ্ঠানের জন্য ৬৯টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। লিটল ম্যাগাজিন কর্নারে জায়গা পেয়েছে ৫৫টি লিটল ম্যাগাজিন। ক্ষুদ্র প্রকাশনা সংস্থা থেকে কিংবা ব্যক্তিগত উদ্যোগে প্রকাশিত বই বিক্রি ও প্রদর্শনের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে রাখা যাবে। মেলায় বাংলা একাডেমির প্রকাশনা ৩০ শতাংশ কমিশনে এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানের প্রকাশনা ২৫ শতাংশ কমিশনে বিক্রি হবে।
এবারই প্রথমবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণের বাইরে সম্প্রসারিত হলো বইমেলার। এ নিয়ে লেখক-পাঠকের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান মনে করেন, বইমেলার পরিসর বাড়ানো সময়ের দাবি হয়ে উঠেছিল বলেই এবার মেলাকে সোহ্রাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত করা হয়েছে। তিনি বলেন, বিশ্বের আর কোথাও পুরো এক মাস বইমেলা হয় না। এ মেলাটি বাঙালির বৃহত্তম জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সেই সঙ্গে সৃজনশীলতার একটি স্থান হিসেবেও দাঁড়িয়ে গেছে এ মেলা। একাডেমির মহাপরিচালক জানান, ভবিষ্যতে অমর একুশে গ্রন্থমেলায় বিদেশি বই নিয়ে আলাদা প্যাভিলিয়ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
নীতিমালা ভঙ্গের অভিযোগ: অমর একুশে গ্রন্থমেলা শুরুর আগেই নীতিমালা ভঙ্গ করল প্রায় অর্ধশত প্রকাশনা সংস্থা। একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে তারা সাজিয়েছে নিজেদের স্টলগুলো। গতকাল শুক্রবার দুপুরে মেলার সম্প্রসারিত ভেন্যু সোহ্রাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, বইয়ের মেলা রূপ নিয়েছে খুদে বাণিজ্য মেলায়। মুড়ি, মুড়কি, চানাচুর, চকলেট ও কোমল পানীয়ের রং-বেরঙের বিজ্ঞাপনে ঢেকে গেছে স্টলগুলো। প্রকাশনা সংস্থার স্টলসজ্জার দুই-তৃতীয়াংশজুড়ে রয়েছে এসব পণ্যের বিজ্ঞাপন। এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ, এটি নীতিমালা-বহির্ভূত।’ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি মেলা শুরুর আগেই এসব পণ্যের বিজ্ঞাপন অপসারণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, নীতিমালা ও নিয়মাবলির ১৩ ধারার ১ উপধারায় বলা হয়েছে, যে অংশগ্রহণকারীকে যে স্টল বরাদ্দ করা হবে, তা কোনো অবস্থাতেই তিনি কাউকে হস্তান্তর করতে পারবেন না বা তাঁর স্টল কারও সঙ্গে বিনিময় করতে কিংবা স্টলের নাম পরিবর্তন বা স্টলের নামের সঙ্গে অন্য নাম যোগ করতে পারবেন না।