অপেক্ষার প্রহর শেষ, মেয়র হলেন হাবিবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় মেয়াদে পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান। গতকাল মঙ্গলবার পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা শেখ মো. মনিরুজ্জামান তাঁকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন।জেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন মল্লিক জানান, পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন, হাবিবুর রহমান, বিএনপির সমর্থিত নাসিম উদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক শেখ ও আক্তারুজ্জামান। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নাসিম উদ্দিন খানের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপর তিনি আপিল আবেদন করলে তা-ও খারিজ হয়ে যায়। অপর দিকে ফজলুল হক শেখ ও আক্তারুজ্জামান মানিক গত রোববার তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে মেয়র পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়ে যান হাবিবুর রহমান। তাঁকেই গতকাল বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। হাবিবুর রহমান ২০০৪ সালের জুন মাস থেকে পিরোজপুরের পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।