একাত্তরের রণাঙ্গন থেকে জীবিত ফিরলেও স্বাধীন দেশে জীবিত থাকতে পারেননি শান্তিপদ নাথ। সম্পদের লোভে স্ত্রী ও দুই সন্তানসহ তাঁকে খুন করে দুর্বৃত্তরা। ১৬ বছর পার হলেও এ মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি।
নির্মম হত্যার শিকার অন্যরা হলেন শান্তিপদের স্ত্রী গীতা রানী নাথ, কন্যা লিপি রানী নাথ ও একমাত্র ছেলে মনু নাথ। শান্তিপদের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী পূর্ব ধলই গ্রামে।
পারিবারিক ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ১৩ অক্টোবর মুক্তিযোদ্ধা শান্তিপদ ও তাঁর পরিবারের তিন সদস্যকে গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়। অনেক খোঁজাখুঁজির পর ওই বছরের ২ নভেম্বর ফটিকছড়ির উদলিয়া চা-বাগানের জঙ্গল থেকে তাঁদের গলিত লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতে নিহত ব্যক্তির বড় কন্যা শিল্পী রানী নাথ বাদী হয়ে হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসেবে ১২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আসামি করা হয় আরও ১০-১২ জনকে।
আসামিরা হলেন হিরামন কাঞ্চন, মো. ফরিদ, স্বপন কান্তি নাথ, রমণী মোহন নাথ এবং তাঁর দুই ছেলে তপন কান্তি নাথ ও রুপন কান্তি নাথ, হীরেন্দ্র কুমার নাথ, হরিপদ নাথ ও তাঁর পুত্র মাখন চন্দ্র নাথ, মো. হাশেম, ফারিয়া বেগম ও সিরাজ। মামলা চলাকালে রমণী মোহন নাথ মৃত্যুবরণ করেছেন।
২০০২ সাল থেকে মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে বিচারাধীন আছে।
এই মামলাকে বিশেষ মামলা হিসেবে চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে গত বছরের ৩০ মে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন নিহত ব্যক্তির কন্যা রুবি রানী নাথ। ভাগ্যবিড়ম্বিত রুবি এখন কাজ করছেন গৃহপরিচারিকা হিসেবে, আর তাঁর বোন শিল্পী রানী নাথ পোশাকশ্রমিক।
রুবি রানী নাথ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর পিতা হত্যার বিচার পেলে আমরা কেন পাব না? গরিবের জন্য কি আইন নেই? ১৬ বছর অপেক্ষা করেছি। আর কত অপেক্ষা করতে হবে?’ অর্থাভাবে মামলা চালাতেও হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবুল কাশেম বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রী-সন্তানদের হত্যার মামলা ১৬ বছর ঝুলে থাকার বিষয়টি আমার নিজের জন্যও অনভিপ্রেত। সাক্ষীরা আসছেন না, এটা একটা সমস্যা। তবে মামলা-সংশ্লিষ্ট কর্মকর্তারা আরেকটু আন্তরিক হলে মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করা সম্ভব।’ মামলার কার্যক্রম যাতে দ্রুত শেষ হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
মামলার নথিপত্র ও প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি থেকে জানা গেছে, জায়গা-সম্পত্তি নিয়ে শান্তিপদ নাথের সঙ্গে প্রতিবেশী রমণী মোহন নাথের বিরোধ ছিল। এ নিয়ে তাঁদের মধ্যে মামলা-মোকদ্দমা হয়। শান্তিপদ ও তাঁর পরিবারের সদস্যদের খুন করার জন্য রমণী মোহন নাথ হিরামন কাঞ্চন নামের এক ছদ্মবেশী ফকির ও তাঁর দলকে ভাড়া করেন। খুনি চক্র শান্তিপদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। এর একপর্যায়ে শান্তিপদ, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে ফটিকছড়ির চিকনছড়ি পাহাড়ের জঙ্গলে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের গলিত লাশ উদ্ধার করা হয়।