অপেক্ষায় পৌনে দুই লাখ দলিল নকলনবিশেরা কর্মহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সাব-রেজিস্ট্রারের কার্যালয়গুলোতে বালাম বইয়ের সরবরাহ না থাকায় প্রায় পৌনে দুই লাখ দলিল নকল করা সম্ভব হচ্ছে না। ফলে কর্মহীন হয়ে পড়েছেন ছয়টি কার্যালয়ের সাড়ে তিন শতাধিক নকলনবিশ।
পীরগঞ্জ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নকলনবিশ শিল্পী আকতার বলেন, ‘তিন বছর বেকার থাকার পর চলতি বছরের ৮ মে একটি বালাম বই পেয়েছিলাম। ৬৪টি দলিলের কপি করার পর বইটি শেষ হয়ে গেছে। বিল পাব সাত হাজার ২০০ টাকা। ২৩ জুলাই বইটি জমা দিয়েছি। এখন থেকে আবার বেকার হয়ে গেলাম।’
জেলা রেজিস্ট্রারের দপ্তর থেকে জানা গেছে, ঠাকুরগাঁও সদরে ১০০ জন, পীরগঞ্জে ৮২ জন, রানীশংকৈলে ৬০ জন, হরিপুরে ৪২ জন, লাহিড়ীহাটে ৬০ জন এবং ভুল্লি বাজারে ৩২ জন তালিকাভুক্ত নকলনবিশ রয়েছেন। মে মাসে পাওয়া ২৫০টি বালাম বই সদর রেজিস্ট্রার কার্যালয় বাদ দিয়ে অন্য কার্যালয়গুলোতে ভাগাভাগি করে দেওয়া হয়। সেগুলো দিয়ে ২০৬ জন নকলনবিশ প্রায় দেড় মাস কাজ করেন। বালাম বই শেষ করে তাঁরা তা কর্তৃপক্ষের কাছে জমা দেন।
এদিকে বালাম বইয়ের সরবরাহ না থাকায় গত ৩০ জুন পর্যন্ত ঠাকুরগাঁও সদর কার্যালয়ে ৪৮ হাজার ৫৩৩টি, পীরগঞ্জ ৩০ হাজার ৪৪৩টি, রানীশংকৈলে ৩০ হাজার ১৭২টি, হরিপুরে ১৫ হাজার ৯৩২টি, লাহিড়ীহাটে ৩৭ হাজার ২০৩টি এবং ভুল্লিবাজার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নয় হাজার ২৮৮টি মিলে ঠাকুরগাঁও জেলায় নকলের অপেক্ষায় রয়েছে এক লাখ ৭১ হাজার ৫৭১টি দলিল। চলতি জুলাই মাসে ওই ছয়টি কার্যালয়ে আরও প্রায় তিন হাজার নতুন দলিল যোগ হয়েছে।
জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী সফি আকরামুজ্জামান জানান, সর্বশেষ মে মাসে প্রাপ্ত ২৫০টি বালাম বই সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় বাদে অন্য পাঁচটি কার্যালয়ে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কিন্তু প্রাপ্ত রসিদ বইয়ের সংখ্যা মাত্র ৫০টি হওয়ায় সেগুলো সদরেই ব্যবহার করা হয়েছে।
পীরগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নিম্নমান সহকারী বিষ্ণু চন্দ্র রায় বলেন, ‘জমি রেজিস্ট্রি হলে প্রমানস্বরূপ ক্রেতা-বিক্রেতাকে তো কোনো একটা কাগজ দিতেই হবে। আমরা এ জন্য সাদা কাগজ দিয়ে রসিদ বই বানিয়ে নিয়েছি।’ পীরগঞ্জের সাব-রেজিস্ট্রর মো. নুরুল হাকিম বলেন, ‘বিজি প্রেসের সরবরাহ করা রসিদই ক্রেতা-বিক্রেতাকে দিতে হবে বলে বিধান থাকলেও রসিদ বই না পেয়ে আমরা ওই নিয়ম মানতে পারছি না। সরকারি সরবরাহের জন্য অপেক্ষা করতে গেলে কাজ বন্ধ হয়ে যাবে।’
ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার মো. মকবুল হোসেন বলেন, বালাম, রসিদ ও অন্যান্য বইয়ের চাহিদার কথা উল্লেখ করে তাঁরা প্রতি মাসে মহাপরিচালক (নিবন্ধন) বরাবরে প্রতিবেদন পাঠাচ্ছেন। ২২ জুন ঢাকার স্থানীয় সরকার ভবনে বার্ষিক সভায় সারা দেশের জেলা রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন। ওই সভায় আইনসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তাঁরা বালাম রসিদসহ সব ধরনের বইয়ের সংকটের বিষয়টি তুলে ধরেন।