বিতরণ সংস্থাগুলো অব্যাহতভাবে নতুন গ্রাহকদের বিদ্যুৎ-সংযোগ দেওয়ার দাবি করছে। অথচ গ্রাহকদের সবচেয়ে বেশি অভিযোগই নতুন সংযোগ পেতে বিলম্ব নিয়ে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের হিসাবেই সংযোগের জন্য প্রায় সাড়ে সাত লাখ আবেদন অপেক্ষমাণ। মন্ত্রণালয়ের সূত্র জানায়, সংযোগ দিতে বিলম্বের কারণেই এ অবস্থা।
বিদ্যুৎ মন্ত্রণালয় আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ অভিযোগ ও তথ্য উঠে আসে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ ভবনের বিজয় হলে মন্ত্রণালয় প্রথমবারের মতো এই গণশুনানির আয়োজন করে। অনুষ্ঠানে গ্রাহকেরা মিটার ও বিলে কারচুপির অভিযোগও করেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রতি মাসে এক লাখ নতুন সংযোগ দিচ্ছে। শহরাঞ্চলে সাধারণভাবে ২১ দিনেই নতুন সংযোগ মিলছে। কিন্তু শুনানিতে এই সংযোগ নিয়েই অভিযোগ ছিল সবচেয়ে বেশি। রাজবাড়ীর আবদুর রশিদ অভিযোগ করেন, গত বছরের ১০ নভেম্বর তিনি বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করেছেন। তাতে স্থানীয় সাংসদের সুপারিশও ছিল। কিন্তু এখনো সংযোগ পাননি।
নওগাঁর বদলগাছি উপজেলার মাহবুব কবিরের অভিযোগ, দেড় বছর আগে তাঁদের বাড়িসহ ১০টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগের জন্য ওয়্যারিংও করা হয়েছে। কিন্তু এখনো মিটার পাচ্ছেন না। বিদ্যুৎ ব্যবহারের সুযোগও পাচ্ছেন না।
রংপুরের পীরগঞ্জ উপজেলার একজন গ্রাহক বলেন, নতুন সংযোগের জন্য আবেদন করেছেন ২০১০ সালে। এর মধ্যে বিদ্যুতের একটি খুঁটি পুনঃস্থাপনের জন্য আট হাজার টাকাও নেওয়া হয়েছে। কিন্তু সংযোগ পাননি।
এসব অভিযোগ তাৎক্ষণিক বিবেচনায় নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, কোনো গ্রাহকের আবেদন ফেলে রাখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সংযোগ দিতে হবে। না পারলে, কেন পারা গেল না তা গ্রাহককে জানাতে হবে। এটা করা হচ্ছে কি না, এখন থেকে তা মন্ত্রণালয় পরিবীক্ষণ করবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সাশ্রয়ী দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতের সমন্বিত উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে।
বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম অনুষ্ঠানের শুরুতে বলেন, মূলত গ্রাহকের অভিযোগ ও পরামর্শ শোনার জন্য এই শুনানির আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, বিতরণ কোম্পানিগুলো মাঠপর্যায়ে নিয়মিত এ ধরনের শুনানি করে।
শুনানিতে জানানো হয়, গ্রাহকসেবার মান বাড়ানো এবং একটি সমন্বিত গ্রাহকসেবা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান বলেন, তিনি এই কাঠামো গড়ে তোলার কাজ সমন্বয় করছেন। তিনি তিন থেকে পাঁচ বছরের মধ্যে ঢাকার সর্বত্র প্রিপেইড মিটার স্থাপন এবং আগামী তিন মাসের মধ্যে ডিজিটাল মিটার রিডিং চালুর নিশ্চয়তা দেন। তিনি বলেন, এর ফলে মিটার ও বিল নিয়ে গ্রাহকের অনেক অভিযোগের অবসান হবে।
শুনানিতে আরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মইন উদ্দিন গ্রামাঞ্চলে বিদ্যুতের লাইন ও সংযোগ স্থাপনের অগ্রগতি উল্লেখ করেন। তিনি বলেন, এ বছরের মধ্যে অর্থাৎ আগামী দুই মাসের মধ্যে ২৬ লাখ মিটার আনা হচ্ছে। কাজেই মিটারের সমস্যা আর বেশি দিন থাকবে না।
অনুষ্ঠানে এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য সেলিম মাহমুদ, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক মো. আরজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।