চীনা ব্র্যান্ড অপো সেলফি তোলার জন্য বিশেষভাবে তৈরি এফ৩ মডেলের স্মার্টফোন বাংলাদেশের বাজারে এনেছে। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার এক অনুষ্ঠানে স্মার্টফোনটির বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়। গতকাল উদ্বোধন হলেও ফোনটি ক্রেতারা হাতে পাবেন ১৩ মে থেকে। এর আগে ১২ মে পর্যন্ত ফোনটির অগ্রিম ক্রয়াদেশ নেওয়া হবে।
সেলফি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ফোনটির দাম ২৫ হাজার ৯৯০ টাকা। অনুষ্ঠানে জানানো হয়, ফোনটিতে রয়েছে অক্টাকোর প্রসেসর, ৪ গিগাবাইট ক্ষমতার র্যা ম, ৬৪ জিবি রম। গোল্ড, রোজ গোল্ড ও ব্ল্যাক—তিনটি রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে। ফোনটিতে সেলফি তোলার জন্য দুটি ক্যামেরা রয়েছে। এই প্রযুক্তির নাম ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। একটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিজস্ব সেলফি তোলা যাবে। এটির ক্ষমতা ১৬ মেগাপিক্সেল। আবার দলবদ্ধভাবে গ্রুপ সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ‘ওয়াইড অ্যাঙ্গেল’ ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে অনেক মানুষের ছবি একসঙ্গে তোলা যাবে।
স্মার্টফোনটির মূল ক্যামেরার ক্ষমতা ১৩ মেগাপিক্সেল। এই ক্যামেরায় রয়েছে বিশেষ সংবেদনশীল সেন্সর, যা দিয়ে রাতেও স্পষ্ট ছবি তোলা যাবে। তোলা ছবি সম্পাদনার জন্য স্মার্টফোনটিতে রয়েছে ‘পাইওনিয়ারিং বিউটিফিকেশন এডিটিং সফটওয়্যার’। এ ছাড়া ফোনটিতে রয়েছে পাম শাটার নামের প্রযুক্তি, যা দিয়ে ছবি তোলার সময় হাত কাঁপলেও ছবির মান ঠিক থাকবে।
অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেভি বলেন, অপোর কাছে ক্রেতার চাহিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এফ৩-এর মাধ্যমে সেলফি প্রজন্মের কাছে ‘সেলফি বিশেষজ্ঞ’ হিসেবে অপোর অবস্থান আরও শক্তিশালী করবে।
যাঁরা ১২ মের মধ্যে ফোনটি কেনার জন্য ক্রয়াদেশ দেবেন তাঁরা পেতে পারেন বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোনের স্বাক্ষর করা এফ৩ স্মার্টফোন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন।