প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় সাংসদেরা করের আওতা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে অপ্রদর্শিত অর্থ দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টির ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার দ্বিতীয় দিনে সরকারি দলের আটজন সাংসদ বক্তব্য দেন। এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো সাংসদ বাজেটের ওপর আলোচনায় অংশ নেননি।
আলোচনার শুরুর দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান অধিবেশনে ছিলেন না। তবে কিছু সময় পর অর্থ প্রতিমন্ত্রী অধিবেশনে যোগ দেন।
এ বিষয়টির ওপর দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগের সাংসদ সোহরাবউদ্দিন বলেন, ‘সংসদে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী নেই। কার সামনে বক্তব্য রাখব?’ অবশ্য এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।
সোহরাবউদ্দিন বাজেট বক্তৃতায় বলেন, দেশে করদাতার সংখ্যা বাড়ছে না। যদি করদাতার সংখ্যা না বাড়ে, তা হলে দেশের উন্নতি হবে কী করে? তিনি বলেন, অনেকে বিদেশে দ্বিতীয় বাসস্থান বানাচ্ছেন। অপ্রদর্শিত অর্থ দেশে বিনিয়োগের সুযোগ নেই। এই অর্থ দেশে বিনিয়োগের সুযোগ থাকলে বিদেশে দ্বিতীয় বাসস্থান করার জন্য টাকা যেত না। নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য পৃথক দুটি ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান জানান আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।বাজেটের ওপর আরও আলোচনা করেন মীর মোশতাক আহমেদ, সানজিদা খানম, উম্মে কুলসুম।