অপ্রশস্ত সড়কে ঝুঁকি নিয়ে চলাচল
ঢাকা-গাজীপুর-টুকবাজার-কিশোরগঞ্জ সড়কের মধ্যে কিশোরগঞ্জ-টুকবাজার ৬৫ কিলোমিটারের প্রস্থ ১৮ ফুট

ঢাকা থেকে কিশোরগঞ্জে যাওয়ার সবচেয়ে কম দূরত্বের ঢাকা-গাজীপুর-টুকবাজার-কিশোরগঞ্জ সড়ক। কিন্তু সড়কের গাজীপুর-কিশোরগঞ্জ অংশ সরু। এতে এই অংশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। পাশ কাটানোর সময় দুটি যানবাহনের মাঝে এক ফুটও ফাঁকা জায়গা থাকে না। ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহনকে জায়গা (সাইড) দেওয়ার সময় বাসযাত্রীরা থাকে আতঙ্কে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কিশোরগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে প্রধানত দুটি সড়ক দিয়ে ঢাকায় যাওয়া যায়। এর মধ্যে কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ড থেকে পাকুন্দিয়ার টুকবাজার এবং গাজীপুর হয়ে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। এই পথে যানজট না থাকলে ঢাকা থেকে তিন ঘণ্টায় কিশোরগঞ্জে পৌঁছানো যায়। অন্যদিকে, কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ড থেকে ভৈরব হয়ে সায়েদাবাদ অথবা গোলাপবাগ বাসস্ট্যান্ডের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। এই পথে ঢাকায় আসতে পাঁচ ঘণ্টা লাগে। কিশোরগঞ্জ থেকে গাজীপুর হয়ে ঢাকায় গেলে রাস্তার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার কমে যায়।
সওজ কিশোরগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, কম দূরত্বের ঢাকা-গাজীপুর-টুকবাজার-কিশোরগঞ্জ সড়কের মধ্যে কিশোরগঞ্জ-টুকবাজার ৬৫ কিলোমিটারের প্রস্থ ১৮ ফুট। এই অংশটি কিশোরগঞ্জের গাইটাল থেকে শুরু হয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টুকবাজারে গিয়ে শেষ হয়েছে।
কনক পারভেজ নামের এক বাসযাত্রী বলেন, তাঁর বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার মহিনন্দ গ্রামে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রতি সপ্তাহেই তিনি গাজীপুর থেকে কিশোরগঞ্জে যান। সড়ক অপ্রশস্ত হওয়ায় বিপরীত দিক থেকে কোনো যানবাহন এলে যাত্রীরা আতঙ্কে থাকে। কারণ, চালক একটু অসতর্ক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এই অংশ দিয়ে ধীরে ধীরে বাস চালাতে হয়। এতে কিশোরগঞ্জে যেতে বেশি সময় লেগে যায়।
অনন্যা পরিবহনের একটি বাসের চালক খোকন মিয়া। কয়েক বছর ধরে তিনি এই সড়কে গাড়ি চালাচ্ছেন। তিনি বলেন, সড়কের অবস্থা আগে আরও খারাপ ছিল। নানা স্থানে বড় বড় গর্ত ছিল। অনেক স্থান ছিল ভাঙাচোরা। কয়েক মাস আগেও প্রস্থ ছিল মাত্র ১১ ফুট। এখন প্রস্থ বাড়িয়ে ১৮ ফুট করা হয়েছে। এরপরও সড়কে দুটি বাস পাশাপাশি স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে না। বেশ কিছু স্থানে বিপরীত দিক থেকে আসা বাস ও ট্রাককে সাইড দেওয়ার জন্য গাড়ির এক পাশের চাকা সড়কের বাইরে রাখতে হয়। তিনি আরও বললেন, সড়কটিও সরু হওয়ায় এবং কয়েকটি স্থানে বাজার থাকায় গাজীপুর থেকে কিশোরগঞ্জে যেতে সময় অনেক বেশি লাগছে। সড়কটির প্রস্থ ২৪ ফুট করলে তাঁরা দেড় ঘণ্টায় গাজীপুর থেকে কিশোরগঞ্জে যেতে পারতেন। এখন গাজীপুর থেকে কিশোরগঞ্জে যেতে আড়াই থেকে তিন ঘণ্টা লাগছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির পাকুন্দিয়া বাজার এলাকার অংশ এতটাই সরু যে এখানে দুটি বাস একসঙ্গে পাশাপাশি চলতে পারে না। পাকুন্দিয়া বাজারের বাসিন্দা তানভীর আহমেদ বলেন, বাজারের এক কিলোমিটার সড়ক খুব সরু। তাই প্রায় সময়ে এই অংশে যানজট লেগে থাকে।
কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর রেজা বলেন, এই সড়ক দিয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকায় প্রতিদিন শুধু যাত্রীবাহী এক হাজার বাস চলাচল করে। তবে সড়কটি সরু হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতি মাসে এই অংশে ৩০-৪০টি দুর্ঘটনা ঘটে।
সওজের কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, কিশোরগঞ্জ থেকে টুকবাজার পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। তবে এ সড়কে যে পরিমাণ যানবাহন চলাচল করে, তার জন্য ১৮ ফুট চওড়া যথেষ্ট নয়। এ জন্য সড়কটিকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের আওতায় এনে ২৪ ফুট চওড়া করার উদ্যোগ নেওয়া হবে।
সওজের গাজীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম নাহিন রেজা বলেন, সড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে টুকবাজার পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ৩৮ কিলোমিটার। আগামী বছর এই অংশের প্রস্থ বাড়ানোর কাজ শুরু করার পরিকল্পনা আছে।